সুনামগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ব্যবহার নিষিদ্ধ জাল আটক করতে গিয়ে জেলেদের হামলায় ম্যাজিস্ট্রেট ও আনসার সদস্যসহ সাতজন আহত হয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৩টায় হাওরের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা হলেন- ম্যাজিস্ট্রেট মো. আবু নাসের বেগ, আনসার সদস্য মুকিত মিয়া, গোলাম রব্বানী, মাফিকুল, মোখলেছ, নৌকার মাঝি উজ্জ্বল, বিল্লাল। তাদের স্থানীয় গোলনগর বাজার স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তাহিরপুর থানার ওসি জানে আলম ও ম্যাজিস্ট্রেট নাসের বেগ জানান, টাঙ্গুয়ার হাওরে আনসার ও পুলিশের একটি দল রূপনগর এলাকায় নিষিদ্ধ জাল আটক করতে অভিযান চালায়।
এ সময় জেলেরা দেশি অস্ত্র নিয়ে তাদের ওপর হামলায় চালায়। হামলায় অভিযানে নেতৃত্বদানকারী ম্যাজিস্ট্রেট, চার আনসারও তাদের নৌকার দুই মাঝি আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোলনগর বাজারে নিয়ে যায়।
হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ওসি জানান।
গত মাসেও নিষিদ্ধ জাল আটক করতে গিয়ে জেলেদের হামলায় ম্যাজিস্ট্রেট, পুলিশ ও আনসারসহ ১৩ জন আহত হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৫ ঘ.
bdnews24