২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ১৮ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি ডিগ্রি কলেজে ভাংচুরের ঘটনায় ছাত্রলীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2010, 03:58 PM

Updated : 25 Aug 2022, 12:52 PM

সিরাজগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি ডিগ্রি কলেজে ভাংচুরের ঘটনায় ছাত্রলীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজাদ রহমান বাদী হয়ে শাহজাদপুর থানায় এ মামলা করেন। সংগঠনের জন্য উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি কোটা না দেওয়ায় শনিবার ছাত্রলীগ সমর্থকরা শাহজাদপুর কলেজে ব্যাপক ভাংচুর করে। মামলায় আসামি করা হয়েছে- ছাত্রলীগ কলেজ শাখার আহবায়ক মাহমুদুল হাসান হৃদয়, যুগ্ন-আহবায়ক আসাদুজ্জামান সুমন, কর্মী জহুরুল ইসলাম, শাহান শাহ, মাহমুদ আহাদ রুবেল, আলমগীর, সোহেল হোসেনসহ মোট ১৮ জনকে। শাহজাদপুর থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, দুপরে অধ্যক্ষ থানায় এসে ১৭/১৮ জনের বিরুদ্ধে একটি এজাহার দিয়েছেন। কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি। দাবিমতো সংগঠনের জন্য ভর্তি কোটা না পেয়ে শনিবার ছাত্রলীগ সমর্থকরা কলেজে ব্যাপক ভাংচুর করেছে। এরপর তারা অধ্যক্ষের অপসারণের দাবিতে কলেজ চত্বরে বিক্ষোভ মিছিল করে। এ ঘটনায় কলেজে ছাত্রলীগের কর্মকাণ্ড অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে আওয়ামী লীগের স্থানীয় নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪০ ঘ.