ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনদিন পর রোববার চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর থেকে সতর্কতা সংকেত নমিয়ে ফেলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ছাদেকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
মৌসুমী বায়ুর প্রভাবে সাগর উত্তাল থাকায় গত তিনদিন উত্তর বঙ্গোপসাগরে তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়।
রোববার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঝড়ো হাওয়ার সম্ভাবনা নেই। ফলে চট্টগ্রাম ও মংলা সমূদ্র বন্দরকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে রোববার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে রোববারও দেশের বিভিন্নস্থানে মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার বেলা ১২ টা পর্যন্ত কক্সবাজারে ১৫ মিলিমিটার, শ্রীমঙ্গলে ১২ মিলিমিটার, মাইজদীকোর্ট ৩৬ মিলিমিটার, হাতিয়া ১১ মিলিমিটার, ময়মনসিংহ ৩৩ মিলিমিটার, টাঙ্গাইল ১৪ মিলিমিটার, ফরিদপুর ২০ মিলিমিটার, রংপুর ৩০ মিলিমিটার, সৈয়দপুর ৬২ মিলিমিটার, ও দিনাজপুরে ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
ঢাকায় বেলা ৩ টা পর্যন্ত ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৬২৮ ঘ.
bdnews24