ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির ডাকা রোববারের হরতাল কর্মসূচিতে রাজধানীতে সকাল থেকেই স্বাভাবিকের তুলনায় অনেক কম যানবাহন চলাচল করেছে। (বিস্তারিত)
সকালে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাস চলাচল করলেও কাউন্টারভিত্তিক সিটিং সার্ভিসের বাস তেমন দেখা যায়নি।
আতঙ্ক আর যানবাহন সংকটের কারণে নগরবাসীকে পড়তে হয় অবর্ণনীয় দুর্ভোগের মুখে। বিশেষ করে অফিসগামী মানুষের কষ্ট ছিল অনেক বেশি।
সড়কগুলোতে রিকশা চলাচল করেছে। রাস্তা ফাঁকা থাকার সুযোগে ভিআইপি রাস্তাগুলোও দাপিয়ে বেড়ায় রিক্সা।
সকালে লোকজনকে রিকশা ও ঠেলা গাড়িতে করে অফিসে যেতে দেখা যায়। অনেক স্থানে রিকশা যাত্রীদেরকে গুনতে হয়েছে অতিরিক্ত ভাড়া।
একটি বেসরকারি ব্যাংক কর্মকর্তা শিবলী সাদিক ফার্মগেট এলাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গুলশানে অফিসে যাবো। মনিপুরি পাড়ার বাসা থেকে এখানে এসেছি। কিন্তু গাড়ি না পাওয়ায় এক ঘন্টা ধরে অপেক্ষা করছি।"
সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারিদের উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে। সরকারি পরিবহন চলাচল না করায় কর্মকর্তা-কর্মচারিদের নিজ ব্যবস্থায় অফিসে আসতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক সচিবালয়ের এক কর্মকর্তা বলেন, "সরকারি চাকরি করি, বাধ্য হয়ে অনেক কষ্ট করে অফিসে আসতে হলো। রিকশায় এসেছি এজন্য টাকাও বেশি লেগেছে।"
মিরপুর
সকাল থেকে মিরপুর এলাকায় মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিকের চেয়ে বেশ কম। মিরপুর রোডের টেকনিক্যাল মোড়, মিরপুর-১, মিরপুর-১০ (গোলচক্কর), মিরপুর ১১, মিরপুর-১২, কাজী পাড়া, রোকেয়া সরণী, শেওড়াপাড়া, আগারগাঁও এলাকায় রিক্সা চলাচল স্বাভাবিক ছিল। তবে বাস চলাচল ছিল কম।
বেলা বাড়ার সঙ্গে গাড়ি চলাচল বাড়তে থাকে। এ রুটে বিকল্প, সিল্ক সিটিসহ সিটিং, গেট লক বাস চলতে দেখা গেছে।
দুপুর দুইটা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি এসব এলাকায়। মিরপুর-১ নম্বর মোড়ে চারটি, গোল চক্করে একটি গাড়িতে পুলিশের উপস্থিতি দেখা গেছে। র্যাবের দুটি টহল দল ছিল ওই এলাকায়।
এসব এলাকার কয়েকটি জায়গায় পিকেটারদের উপস্থিতি ছিল দুপুর পর্যন্ত।
ফার্মগেট
শ্যামলী, কল্যাণপুর, শিশু মেলা, কলেজগেট, আসাদ গেট, খামারবাড়ি-ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামটর, মগবাজার, কাকরাইল মোড়, মৎস্যভবন, প্রেসক্লাব এলাকা ঘুরে দেখা গেছে-গাড়ি চলাচল স্বাভাবিকের চেয়ে কম। প্রাইভেট কার ও সিনজিচালিত অটোরিক্সার চলাচল ছিল না বললেই চলে।
রিক্সার উপস্থিতি বেশি থাকলেও স্বাভাবিকের চেয়ে বেশি ভাড়া আদায় করার অভিযোগ করেছেন যাত্রীরা।
দুপুরে এক পশলা বৃষ্টির পর এসব এলাকায় লোকজনকে রাস্তায় বের হতে দেখা গেছে। যাত্রীদের মধ্যে বড় ধরনের আতঙ্কের ছাপ ছিল না।
পল্টন
পল্টনের জামায়াতে ইসলামীর কার্যালয় ও আশপাশের এলাকায় ঘুরে দেখা গেছে- হরতালের সমর্থনে কোনো ধরনের পিকেটিং ও মিছিল চোখে পড়েনি দুপুর পর্যন্ত।
তবে বারোটার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ শতাধিক রিক্সাসহ বঙ্গবন্ধু এভিনিউ, মুক্তাঙ্গন এবং পল্টন হয়ে হরতাল বিরোধী মিছিল করেছে।
যাত্রবাড়ি-মতিঝিল
যাত্রাবাড়ী, সায়েদাবাদ, কমলাপুর, মতিঝিল, ইত্তেফাক মোড় এলাকায় যানবাহনের উপস্থিতি একেবারেই কম ছিল। তবে পুরো রাস্তাজুড়ে রিক্সা চলাচল ছিল অনেকটাই স্বাভাবিক।
শাহজাহানপুর এলাকায় বেলা সাড়ে দশটার দিকে পিকেটাররা রাস্তায় আগুন জ্বালায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে এ এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম। সবার মধ্যে খানিকটা আতঙ্ক দেখা গেছে।
শাহবাগ-এলিফ্যান্ট রোড
শাহবাগ, এলিফ্যান্ট রোড, কাটাবন, আসাদগেট এলাকায় বিকাল তিনটা পর্যন্ত কয়েকটা লোকাল বাস চলতে দেখা গেছে। এ রুটের কাউন্টারভিত্তিক বাস চলাচল করেনি। শাহবাগ এলাকায় বসেনি বাসের কাউন্টারগুলো।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিকালে সরকার সমর্থক ও বিরোধী দল সমর্থক ছাত্রসংগঠনগুলোর নেতাকর্মীদের উপস্থিতিও ছিল না বললেই চলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এএএম/এমকে/পিসি/আরবি/এমএইচসি/কেএমএস/এসএএ/১৫৫৮ঘ.
bdnews24