ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপি'র ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে জয়পুরহাটে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জয়পুরহাটে দুরপাল্লা ও আভ্যন্তরীণ রুটের বাস ট্রাকসহ কোন ধরনের যানবাহন চলাচল করেনি। দোকানপাটসহ সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ব্যাংক বীমা ও সরকারি প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও সেখানে মানুষের উপস্থিতি কম।
বিএনপি ও জামায়াতসহ চারদলীয় জোট সকাল থেকে শহরে হরতালের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল করে। মিছিলের নেতৃত্ব দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা, পৌর মেয়র ফজলুর রহমান ও জেলা জামায়াত আমীর ফজলুর রহমান সাঈদ।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাশরুকুর রহমান খালিদ বলেন, হরতাল চলাকালে জেলার বিভিন্ন স্থান থেকে ১২জন হরতালকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে গ্রেপ্তারকৃতদের নাম ঠিকানা ও দলীয় পরিচয় জানাতে তিনি অস্বীকৃতি জানান।
জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবিটি/এএইচ/কেএমএস/১৫০০ ঘ.
bdnews24