২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৩০টি স্পটে পিকেটিং করবে বিএনপি

রোবারের হরতাল সফল করার লক্ষে পিকেটিংয়ের জন্য রাজধানীতে ৩০টি স্পট চিহ্নিত করেছে বিএনপি। এসব স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে কর্মীরা মিছিল-সমাবেশ করবেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিজভী আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 06:59 PM

Updated : 25 Aug 2022, 12:48 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোবারের হরতাল সফল করার লক্ষে পিকেটিংয়ের জন্য রাজধানীতে ৩০টি স্পট চিহ্নিত করেছে বিএনপি। এসব স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের নেতৃত্বে কর্মীরা মিছিল-সমাবেশ করবেন বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল কর্মসূচি পালিত হবে বলে জানান দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন পৃথক পৃথক বিবৃতিতে হরতাল সফল করার জন্য দলীয় নেতা-কর্মী, সমর্থক, সব শ্রেণী-পেশার মানুষসহ জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যার সমাধান, টেন্ডারবাজি-দখলবাজি-বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন-হয়রানি বন্ধ, বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ, প্রশাসন দলীয়করণ ও চাকুরিচ্যুতি, পক্ষপাতমূলক নির্বাচন কমিশনের পদত্যাগ, ভারতের সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থ বিরোধী চুক্তি বাতিল, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী লাঞ্ছনার বিচারসহ ১১ দফা দাবিতে সরকারকে সতর্ক করতে এ হরতালের ডাক দেয় বিএনপি। গত ১৯ মে পল্টন ময়দানে বিএনপির মহসমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের শরিকরা ইতিমধেই এতে সমর্থন জানিয়েছে। এদিকে হরতালের সমর্থনে শনিবার বিকালে রাজধানীর ১৫ টি স্পটে মিছিল বের করা হয়। এসব মিছিলে নেতা-কর্মীরা লোকজনের কাছে লিফলেট বিতরণ করেন। নগরীর মোহাম্মদপুরসহ কয়েকটি স্পটে পুলিশ শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করে দলের নেতা-কর্মীদের আহত ও আটক করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির দপ্তর সম্পাদক রিজভী আহমেদ। মোহাম্মদপুর বিআরটিসি বাস টার্মিনালের কাছ থেকে মিছিলটি বের হলে পুলিশ পেছন দিক থেকে লাঠিচার্জ করে বলে অভিযোগ করেন মিছিলে অংশগ্রহণকারী বিরোধী দলের প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক। এ ঘটনায় জয়নুল আবদিন ফারুক, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ১০ জন আহত হন। রোববারের হরতাল কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে চারদলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং সমমনা জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (ন্যাপ) সহ ৭টি দল। মহাজোট সরকারের বিরুদ্ধে প্রধান বিরোধী দলের এটি প্রথম হরতাল। এর আগে স্থানীয় দুই নেতার মৃত্যুতে পুরান ঢাকা এবং বগুড়ায় হরতাল পালন করে স্থানীয় বিএনপি। দীর্ঘ সাড়ে তিন বছরের অধিক সময় পর দেশব্যাপী হরতালের ডাক দেওয়া হলো। বিএনপি নেতৃত্বাধীন জোট সরকারের আমলে ২০০৬ সালের ২১ সেপ্টেম্বর আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোট সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/০০৩১ ঘ.