২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব ব্যাংকের প্রতি কৃষিমন্ত্রীর ক্ষোভ

বিশ্ব ব্যাংকের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 01:22 PM

Updated : 25 Aug 2022, 12:49 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। তিনি বিশ্ব ব্যাংককে উদ্দেশ্য করে বলেছেন, "কথা বলার সময় লাগাম টেনে কথা বলবেন। অত সাহায্য দেন না যে, এতো ছড়ি ঘোরাবেন।" জাতীয় সংসদের শনিবারের অধিবেশনে বাজেট আলোচনায় বক্তব্য দেওয়ার সময় মতিয়া চৌধুরী একথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, "বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি জাহিদ হোসেন বাজেট নিয়ে সম্পর্কিত এক আলোচনায় বলেছেন ডাটা নিয়ে পরিসংখ্যান ব্যুরো ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। এক্ষেত্রে পরিসংখ্যান ব্যুরোকে সমর্থনের কথাই তিনি বলেছিলেন।" মতিয়া চৌধুরী বিশ্ব ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাকে উদ্দেশ্য করে বলেন, "আপনারা অযোগ্যতাকেই উৎসাহীত করছেন। কেনো আপনারা অযোগ্যতাকে উৎসাহীত করছেন ? কার স্বার্থ আপনারা দেখছেন ? কারো স্বার্থ সংরক্ষণের জন্য আপনাদের পাঠানো হয়নি।" তিনি বিশ্ব ব্যাংককে উদ্দেশ্য করে আরো বলেন, "হেদায়েত করা একটু কমান। মাঝে মাঝে কাগজে দেখি আপনারাই দেউলিয়া হয়ে যাচ্ছেন।" কৃষিমন্ত্রী প্রস্তাবিত বাজেটের পক্ষে বলেন, "গরীবের দিকে নজর রেখে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আমরা দারিদ্রের বলয় থেকে বেরিয়ে আসবো।" প্রস্তাবিত বাজেটের সমালোচনার জবাবে মতিয়া বলেন, "এই বাজেটে জনপ্রতি প্রতি মাসে ব্যয় ৭৫০ টাকা। তাহলে, এই বাজেটকে কিভাবে উচ্চাভিলাষী বলা হয়।" তিনি বিএনপি'র বক্তব্যের সমালোচনা করে বলেন, "বিএনপি বলুক, উন্নয়নের দরকার নেই। তারা তো দগদগে ঘা দেখিয়ে ভিক্ষা আনতেন। তাদের নীতি হলো, ঋণ আনো আর ঘি খাও।" 'মানি ইজ এ বিগ প্রবলেম ফর এ পুওর কান্ট্রি লাইক বাংলাদেশ' এই কথা বলে মতিয়া বলেন, "যেখানে টাকা দরকার সেখানে আমরা টাকা দেই। এই যে যারা পাটের জিনম সিকোয়েন্সিং করলো, তারা বিএনপির শাসনামলে দ্বারে দ্বারে ঘুরেছে। তত্ত্বাবধায়ক সরকারের সময়ও তারা ঘুরেছে। আমাদের কাছে আসাতে আমরা এটাকে 'টেক আপ' করেছি।" এর আগে, বাজেট আলোচনায় অংশ নিয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খান 'সরকার দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে পেরেছে' এই দাবি করে বলেন, "আগামী অর্থ বছরে (২০১০-১১) যাতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল থাকে তার ব্যবস্থা নেওয়া হয়েছে।" তিনি বলেন, "গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরের রপ্তানি বেশী হয়েছে। আগামী অর্থ বছরে আরো বেশী হবে।" ফারুক খান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সমালোচনা করে বলেন, "খালেদা জিয়া সংসদকে অবজ্ঞা করে সংসদের বাইরে বাজেট প্রস্তাবনা দিয়েছেন। তিনি বিরোধীদলে থাকলে ভালো ভালো কথা বলেন, জনগণের কথা বলেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৯১৮ ঘ.