ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্রের উপর কর আরোপের প্রস্তাবকে সমর্থন দিয়েছে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
শনিবার কমিটির বৈঠকে এ কথা জানিয়ে বলা হয়, সঞ্চয়পত্রের কারণে সাধারণ মানুষ বাণিজ্যিক ব্যাংকগুলোতে অর্থ জমা রাখছে না।
গত ১০ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাবিত বাজেটের উপর বক্তৃতায় বাজেটে ঘাটতি পূরণের লক্ষ্যে সঞ্চয়পত্রের সুদের হার বাড়ানোর প্রস্তাব করেন।
কমিটি তখন মত দিয়েছিল, এর ফলে লোকজন এই খাতে বিনিয়োগের ব্যাপারে নিরুৎসাহী হয়ে পড়বে, লোকজনের সঞ্চয় বাণিজ্যিক ব্যাংকগুলোতে যাওয়া উচিত যা উচ্চহারে বিনিয়োগ সৃষ্টি করবে।
ইতোপূর্বে অবশ্য সংসদে ক্ষমতাসীন আওয়ামী লীগের বেশ ক'জন সাংসদ সঞ্চয়পত্রের উপর প্রস্তাবিত কর মওকুফের দাবি জানিয়েছে।
বৈঠক শেষে কমিটির সভাপতি এ এইচ এম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, "আমরা সব ধরনের সঞ্চয়পত্রের উপর কর আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছি।"
তিনি জানান, সঞ্চয়পত্রের মাধ্যমে বিভিন্ন ব্যাংকে লোকজনের জমা রাখা সাত হাজার কোটি টাকা সরকার বিনিয়োগে লাগাতে পারবে।
"সঞ্চয়পত্রের বকেয়া রেখে ব্যাংকগুলো সাধারণ মানুষকে অর্থ জমা দিতে আগ্রহী করতে পারবে না। আমরা সব ধরণের সঞ্চয়পত্রকে নিরুৎসাহিত করতে চাই", বলেন তিনি।
সঞ্চয়পত্রে ব্যাংক আমানতের চেয়ে বেশি সুদ দেওয়া হয়। যেমন- প্রতিরক্ষা সঞ্চয়পত্রে আমানতকারীকে ১৪ শতাংশ সুদ দেওয়া হয় অথচ বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের আমানতের বিপরীতে ১০ শতাংশেরও কম সুদ দেয়।
অনেক দরিদ্র ও নিুমধ্যবিত্ত লোকজন সঞ্চয়পত্রের উপর নির্ভরশীল হওয়ায় আগামী ২০১০-১১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সঞ্চয়পত্রের উপর কর আরোপের বিরোধিতা করেছেন সাংসদরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএ/কেএমএস/১৮৪২ ঘ.
bdnews24