২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ডুবে যাওয়া ফেরি উদ্ধার

দুর্ঘটনার দুদিন পর মেঘনায় ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 08:58 AM

Updated : 25 Aug 2022, 12:47 PM

চাঁদপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনার দুদিন পর মেঘনায় ডুবে যাওয়া ফেরিটি উদ্ধার হয়েছে। উদ্ধারকারী জাহাজা রুস্তম ও হামজা শরীয়তপুরের আলুরবাজার ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ফেরিটি উদ্ধার করে। গত বুধবার চাঁদপুর থেকে ছেড়ে আসা শরীয়তপুর-চাঁদপুর রুটের ঢাকা নামের এই ফেরিটি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার নরসিংহপুর ঘাটের কাছে দুপুর সোয়া ২টার দিকে এসে তলা ফেটে মেঘনা নদীতে ডুবে যায়। গাড়িসহ ফেরি ডুবে গেলেও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্ঘটনা তদন্তে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। উদ্ধারের পর ফেরিটি থেকে পানি ও বালি সরানোর কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির চাঁদপুর হরিনা ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক জহির আহমেদ। দুর্ঘটনার সময় ফেরিটি থেকে মেঘনায় পড়ে যাওয়া দুটি যাত্রীবাহী বাস, চারটি পণ্যবাহী ট্রাক, একটি লাশবাহী মাইক্রোবাস ও একটি পিকআপ উদ্ধার কাজ বৃহস্পতিবার বিকালে শেষ হয়। জহির জানান, শরীয়তপুর সড়ক বিভাগের অধীন দুটি বেইলি সেতুর জরুরি মেরামত কাজের জন্য এই রুটে গত ২০ জুন থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে গত ২৩ জুন (বুধবার) লাশবাহী মাইক্রোবাসসহ অন্যান্য পণ্যবাহী গাড়ির বিশেষ অনুরোধে ঢাকা ফেরিটি চাঁদপুরের হরিণা ফেরিঘাট থেকে ছাড়া হয়। আগামী ২৭ জুন এই রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হতে পারে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৪৫৩ ঘ.