২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে নৈরাজ্য বরদাশত করা হবে না: আইন প্রতিমন্ত্রী

হরতালে কোনো নৈরাজ্য ও বিশৃঙ্খলা সরকার বরদাশত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 08:31 AM

Updated : 25 Aug 2022, 12:47 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে কোনো নৈরাজ্য ও বিশৃঙ্খলা সরকার বরদাশত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। শুক্রবার এক আলোচনা সভায় তিনি সরকারের এই কঠোর অবস্থানের কথা জানান। আইন প্রতিমন্ত্রী বলেন, "প্রধান বিরোধী দলের ডাকা ২৭ জুনের হরতালকে রাজনৈতিকভাবে কিংবা প্রশাসন দিয়ে মোকাবিলা করার কোনো প্রস্তুতি সরকারের নেই। তবে হরতালের নামে কোনো নৈরাজ্য সৃষ্টি করা হলে তা সরকার প্রতিহত করবে। মানুষের জান-মালের নিরাপত্তা বিধান করার দায়িত্ব সরকারের।" যুদ্ধাপরাধীর বিচারে বাধা দিতে বিরোধী দল হরতাল দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত 'হরতাল প্রতিহত করুন, জঙ্গিবাদ রুখে দাঁড়ান' শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইন প্রতিমন্ত্রী বলেন, "একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বিচার যাতে না হয়, বিরোধী দল সেজন্য মারিয়া হয়ে উঠেছে। তারা এজন্য নানা কৌশল নিয়ে ওই বিচার থেকে মানুষের দৃষ্টি অন্যত্র সরিয়ে নিতে নানা রকম বিভ্রান্তি ছাড়াচ্ছে।" এ ব্যাপারে দেশের মানুষকে সজাগ থাকার আহবানও জানান তিনি। কামরুল ইসলাম জোট সরকারের আমলে দুর্নীতি ও অপশাসনের চিত্র তুলে ধরে বলেন, "সেজন্য দেশে ১/১১ সৃষ্টি হয়েছিলো। ২০০৯ সালের নির্বাচনে জনগণ তাদের বিরুদ্ধে রায় দিয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪২৫ ঘ.