২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ডায়রিয়া, ৭৩ জন হাসপাতালে

সিলেটে বন্যা উপদ্রুত এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 07:04 AM

Updated : 25 Aug 2022, 12:48 PM

সিলেট, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে বন্যা উপদ্রুত এলাকায় ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সিভিল সার্জন কার্যালয় জানায়, বৃহস্পতিবার পর্যন্ত সিলেটের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ৭৩ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়েছে। এছাড়া প্রায় ৩ শতাধিক ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে খোলা হয়েছে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ। এছাড়া সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, জেলার বন্যা উপদ্রুত এলাকাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে সীমান্তবর্তী গোয়াইনঘাট ও জকিগঞ্জ উপজেলায়। বুধবার গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া আক্রান্ত ১৬ জন, জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন ভর্তি হয়। এ ছাড়া বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন, দক্ষিণ সুরমা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, বিশ্বনাথ স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত আরো ৩৩ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, বালাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, সদর স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, ফেঞ্চুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ভর্তি হয়। সিলেটের সিভিল সার্জন ডা. এম ফয়েজ আহমদ জানান, ডায়রিয়া পরিস্থিতি মোকাবেলায় জেলার ১১ টি উপজেলায় ১৩৭টি মেডিকেল টিম কাজ করছে। তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে প্রতিদিন ডায়রিয়া আক্রান্তরা ভর্তি হচ্ছেন। এদের মধ্যে শিশুর সংখ্যা বেশি। আক্রান্তদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি বন্যার্তদের পানি ফুটিয়ে অথবা বিশুদ্ধকরণ ট্যাবলেট দিয়ে পানি বিশুদ্ধ করে পান করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়লেও উদ্বেগের কোনো কারণ নেই দাবি করে তিনি বলেন, ১৩৭টি মেডিকেল টিম পর্যাপ্ত পরিমাণ ওষুধ নিয়ে আক্রান্তদের সেবা দিয়ে যাচ্ছে। বন্যার পানি কমার সাথে সাথে ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে। তবে সকল পরিস্থিতি মোকাবেলা করতে চিকিৎসকরা প্রস্তুত রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৪৫ ঘ.