ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর রামপুরায় অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের গাড়ী চালকের পায়ে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
রামপুরা থানার উপপরিদর্শক গোলাম মওলা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রামপুরা বনশ্রী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ গাড়ীচালক মো. হযরত আলীকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের রিপ্রেজেনটেটিভ ইসমাইল হোসেন জানান, বনশ্রী অফিস থেকে পাঁচ লাখ টাকা নিয়ে মগবাজার হেড অফিসে যাওয়ার পথে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
বনশ্রী এলাকায় ৫/৬ জন ছিনতাইকারী তার গাড়ীর গতিরোধ করে তার পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নেয় বলে জানান ইসমাইল হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/২৩৫৫ ঘ.
bdnews24