ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এমপিওভুক্তি নিয়ে অনিয়মের অভিযোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তিন কর্মচারীকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বৃহস্পতিবার আকস্মিকভাবে অধিদপ্তর পরিদর্শনে গিয়ে এ সিদ্ধান্ত নেন।
অভিযুক্তরা হলেন কলেজ শাখার অফিস সহকারী মো. শাহজাহান আলী এবং স্কুল শাখার অফিস সহকারী জাহাঙ্গীর আলম ও মাদ্রাসা শাখার হাবিব। তাদেরকে এমপিওভুক্তির কার্যক্রম তদারকির দায়িত্ব থেকে সরিয়ে প্রশাসন শাখায় ন্যস্ত হয়েছে।
এছাড়া পত্রিকায় প্রকাশিত বিষয়সহ এমপিওভুক্তির ক্ষেত্রে নানা অনিয়ম, গাফিলতি, দুর্নীতি খতিয়ে দেখতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) প্রফেসর তাসলিমা বেগম এবং উপপরিচালক (প্রশিক্ষণ) তাহিয়াত হোসেনের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই কমিটি অন্য কারো বিরুদ্ধে এমপিও নিয়ে অনিয়মের অভিযোগ পেলে তাও খতিয়ে দেখবে এবং প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
শিক্ষাভবনে এমপিওভুক্তি কার্যক্রম তদারকির জন্য মন্ত্রণালয়ের দু'জন উপসচিবকে দায়িত্ব দেন শিক্ষামন্ত্রী। তারা হলেন- উপসচিব (কলেজ) নাহারিন চৌধুরী ও উপসচিব (মাধ্যমিক) মনিরুল ইসলাম।
এ সময় অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নোমান উর রশিদ, পরিচালক (প্রশাসন ও কলেজ) প্রফেসর দীপক কুমার নাগ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২৩৪০ ঘ.
ি
bdnews24