ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সদস্য সংখ্যা এখন সর্বোচ্চ বলে জানিয়েছেন শান্তি রক্ষা অপারেশন বিভাগের আন্ডার সেক্রেটারি জেনারেল এ্যালেইন লে রয়।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা জানান।
বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ফার্স্ট সেত্রেটারি (প্রেস ) শারকে চমন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এতে জানানো হয়, শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ২২ জুন বাংলাদেশ থেকে নতুন একটি দল রওয়ানা হওয়ায় দ্বিতীয় থেকে সর্বোচ্চ সদস্য প্রেরণকারী রাষ্ট্রের মর্যাদায় উন্নীত হয়েছে বাংলাদেশ। এর আগে শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনা সদস্য প্রেরণকারী দেশ ছিলো পাকিস্তান।
প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ্যালেইন লে রয় শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি সদস্যদের কার্যক্রমেরও প্রশংসা করেন।
তিনি বাংলাদেশ থেকে আরও সামরিক সরঞ্জামাদি বিশেষ করে হেলিকপ্টার ও ফ্রিগেট নিতে জাতিসংঘ মিশনের আগ্রহের কথা জানান।
এ সময় শান্তিরক্ষা মিশনে সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যক সদস্য প্রদানকারী দেশ হিসেবে বাংলাদেশকে প্রাধান্য দেওয়ার অনুরোধ জানান জেনারেল তারিক।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরে জাতিসংঘের শান্তিরক্ষা কাজে ও এর বিভিন্ন অঙ্গ সংস্থায় নিয়োজিত বাংলাদেশের সেনা ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেন ও প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল ইব্রাহিম জামাল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেবি/এইচএ/২১৪৮ ঘ.
bdnews24