ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- 'হরতালের সংস্কৃতি' বাদ দিয়ে সংসদে ফিরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
তিনি বলেন, "যদি কোনো কথা থাকে, তবে সংসদে এসে আলোচনা করুন।"
বিএনপির ২৭ জুনের হরতাল প্রসঙ্গে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আহ্বান জানান তিনি।
টুকু বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর 'নিপীড়ন' চালানো হলেও বর্তমান সরকার তা করবে না।
হরতালের নামে কোনো 'নৈরাজ্য' সরকার বরদাশত করবে না বলে তিনি হুঁশিয়ার করে দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিরোধী দলীয় নেতাকে সংসদে ফেরার আহবান জানিয়েছেন। বুধবার আওয়ামী লীগের আলোচনা সভায় সংসদ নেতা বলেন, "সংসদে আসেন। কথা বলেন। জনগণের জন্য যা মঙ্গল, আমরা তা গ্রহণ করবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এইচএ/২১০৮ ঘ.
bdnews24