সিলেট, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন সীমান্তে ভূমি নিয়ে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এর মধ্যে চলে আসা বিরোধ ও গোলাগুলির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপক্ষের মধ্যে বৈঠক হয়।
বৈঠকের পর বিডিআর'র উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবায়দুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।
গত ২২ জুন সিলেটের জৈন্তাপুর সীমান্তের ডিবির হাওর, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে রাস্তা নির্মাণ, ভূমি দখল নিয়ে বিডিআর ও বিএসএফ'র মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এ বছর ৪ ফেব্র"য়ারি থেকে এ পর্যন্ত দুপক্ষের মধ্যে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে।
বৃহস্পতিবার দুপুরে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি শহরে বিডিআর ও বিএসএফ'র উপ-মহাপরিচালক পর্যায়ে বৈঠক হয়।
বৈঠকে বিডিআর'র পক্ষে নেতৃত্ব দেন উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ওবাদুল হক। বিএসএফ'র পক্ষে ছিলেন মেঘালয় ও আসাম রাজ্যের মহাপরিদর্শক (আইজি) রমেশ চন্দ্র সাকসেনা।
বিডিআর কর্মকর্তা ওবায়দুল হক জানান, দুপুর ১২ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত চলা এ বৈঠকে সিলেট সীমান্তে বিরোধপুর্ণ জমি, সীমান্তে গোলাগুলি, বাংলাদেশের ১৫০ গজ অভ্যন্তরে ভারতের পরিখা খনন ও অনুপ্রবেশ বিষয়ে আলোচনা হয়।
তিনি বলেন, "বৈঠক ফলপ্রসু হয়েছে। সীমান্তে বিডিআর বিএসএফ শান্তি ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান বজায় রাখার বিষয়ে একমত হয়েছে।"
বৈঠকে বিডিআর প্রতিনিধি দলে আরো ছিলেন- সিলেট সেক্টর কমান্ডার কর্নেল নিয়ামুল ইসলাম ফাতেমী ও রংপুর সেক্টর কমান্ডার কর্নেল খায়রুজ্জামানসহ আরো কয়েকজন কর্মকর্তা।
এ বছর নয়া দিল্লিতে অনুষ্ঠিত বিডিআর-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্তের নানা বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে সীমান্তে গুলি করে নিরীহ বাংলাদেশি হত্যার বিষয়টিও ছিলো।
গত বছর ঢাকায় অনুষ্ঠিত সম্মেলনে সীমান্তে বাংলাদেশি হত্যা ও গুলিবর্ষণ বন্ধের প্রতিশ্র"তি দিয়েছিলেন বিএসএফ কর্মকর্তারা। তারপর সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা ঘটে চলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৯ ঘ.
bdnews24