শরীয়তপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীয়তপুরে মেঘনা নদীতে ডুবে যাওয়া ফেরির সব গাড়ি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এসব গাড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকারী জাহাজ হামজা ফেরিটি উদ্ধারের কাজ করছে বলে পুলিশ ও ঘাট কর্তৃপক্ষ জানায়।
শরীয়তপুর-চাঁদপুর রুটের এই ফেরিটি বুধবার দুপুর ২টা দিকে নরসিংহপুর ফেরিঘাটের কাছে আসার পর তলা ফেটে ডুবে যায়।
উদ্ধারকারী জাহাজ রুস্তম ফেরি থেকে গাড়িগুলো উদ্ধার করে। এর মধ্যে আছে- যাত্রীবাহী ২টি বাস, পণ্যবাহী ৫টি ট্রাক ও লাশবাহী একটি মাইক্রোবাস।
ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ওসি জ্ঞানেন্দ্র মোহন সিকদার, নরসিংহপুর ফেরি ঘাটের ইজারাদার জিতু বেপারী ও যুবে যাওয়া ফেরির মাষ্টার বাদল হোসেন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উদ্ধারকারী জাহাজ রুস্তম ঘাটে এসে পৌঁছায়।
উদ্ধর কাজ শুরু হওয়ার পর বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩ টি ট্রাক, শতাব্দী পরিবহনের একটি বাস ও লাশবাহী একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।
পরে কমফোর্ট পরিবহনের একটি বাস ও ২টি ট্রাক উদ্ধার করা হয়।
তারা জানান, উদ্ধারকারী জাহাজ হামজা আজ (বৃহস্পতিবার) দুপুর ৩টায় ঘটনাস্থলে পৌঁছায়। ফেরি উদ্ধারের কাজ চলছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ফেরি উদ্ধার হয়নি।
বুধবার দুপুর সোয়া ২ টার দিকে চাঁদপুর থেকে ছেড়ে আসা শরীয়তপুর-চাঁদপুর রুটের ঢাকা নামের ফেরিটি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার নরসিংহপুর ঘাটের কাছে এসে তলা ফেটে মেঘনা নদীতে ডুবে যায়।
গাড়িসহ ফেরি ডুবে গেলেও যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
দুঘর্টনা তদন্তে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শরীয়তপুরের জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেন সাংবাদিকদের জানান, আগামীকাল শুক্রবার কমিটির সদস্যরা ঘটনাস্থলে আসবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/এমএসবি/১৯৩০ ঘ.
bdnews24