২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোশাক শ্রমিকদের মামলা 'নমনীয়ভাবে' পরিচালনার সুপারিশ

ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আশুলিয়ার তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা নমনীয়ভাবে পরিচালনার সুপারিশ করেছে শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 01:42 PM

Updated : 25 Aug 2022, 12:43 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আশুলিয়ার তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা নমনীয়ভাবে পরিচালনার সুপারিশ করেছে শ্রম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তবে কমিটি অগ্নিসংযোগ ও সহিংসতায় 'সরাসরি জড়িতদের' বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বলেছে। বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি ইস্্রাফিল আলম সাংবাদিকদের জানান, ন্যূনতম মজুরি বাড়ানো নিয়ে বিরোধ নিষ্পত্তিতে তৈরি পোশাক শিল্পের নেতাদের সঙ্গে আগামী রোববার অথবা সোমবার বৈঠকে বসবেন শ্রমমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। ন্যূনতম মজুরি এক হাজার ৬৬২ টাকা পঞ্চাশ পয়সা থেকে পাঁচ হাজার টাকা করার দাবিতে গত সোমবার আশুলিয়ার কয়েকশ পোশাক কারখানার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এই ঘটনায় সরকার আশুলিয়া থানায় কয়েক হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা দায়ের করে। সংসদ ভবনে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের ইস্রাফিল আলম বলেন, "যে সব শ্রমিক অগ্নিসংযোগ, যান-বাহন ও অন্যান্য সম্পদ ধ্বংসের সঙ্গে সরাসরি জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে আমরা সরকারের কাছে সুপারিশ করেছি।" তিনি বলেন, এ সব সহিংস কর্মকাণ্ড আইনের শাসন ও ট্রেড ইউনিয়নের চেতনার পরিপন্থী। সাবেক শ্রমিক নেতা বলেন, "আমরা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে শ্রমিকদের বিরুদ্ধে মামলা নমনীয়ভাবে পরিচালনা করতে বলেছি, যাতে কোনো নিরপরাধ শ্রমিক সাজা না পায়।" তিনি জানান, আগামী জুলাই নাগাদ পোশাক শ্রমিকদের জন্য একটি নতুন ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে বলে সংসদীয় স্থায়ী কমিটিকে জানিয়েছেন শ্রমমন্ত্রী। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারনের জন্য একজন বিচারপতির নেতৃত্বে গত ২৮ এপ্রিল সাত সদস্যের একটি ওয়েজ বোর্ড কমিটি গঠন করেছে সরকার। পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি এক হাজার ৬৬২ টাকা পঞ্চাশ পয়সা ধার্য করে ২০০৬ সালে তৎকালীন সরকার সর্বশেষ ওয়েজ বোর্ড গঠন করে। বেতন বাড়ানোর দাবিতে তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও নেতারা দীর্ঘ দিন ধরে কারখানা মালিকদের সঙ্গে দর কষাকষি করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/জেবি/২০৩৫ ঘ.