২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্যুতের দাবিতে সিলেটে অবরোধ-ভাংচুর

সিলেটে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ ও ভাংচুর করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 01:03 PM

Updated : 25 Aug 2022, 12:44 PM

সিলেট, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ ও ভাংচুর করেছে বিক্ষুব্ধ গ্রাহকরা। বৃহস্পতিবার দুপুর ২টায় সিলেট নগরীর দর্শনদেউড়িতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ ও ভাংচুরের ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়। বুধবার রাতে ওসমানী নগরে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাংচুর করে গ্রাহকরা। কোতয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন সাংবাদিকদের জানান, বিদ্যুতের দাবিতে স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ যাওয়ার পর তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। তিনি জানান, পুলিশ যাওয়ার আগে লোকজন একটি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুর করেছে। সিলেট নগরীর পশ্চিম পীরমহল্লার বাসিন্দা মিলন আহমদ জানান, ট্রান্সফরমার বিকল হয়ে গত ২০ জুন থেকে এলাকার কয়েকশ' গ্রাহক অন্ধকারে ছিলেন। বিদ্যুৎ কার্যালয়ে বারবার যোগাযোগ করা হলেও ট্রান্সফরমার মেরামতের ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তিনি জানান, বাধ্য হয়ে তারা প্রায় আধা ঘন্টা দর্শনদেউড়িতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। মিলন আরো জানান, বিক্ষোভের পর বিকাল ৫টার দিকে ট্রান্সফরমার পরিবর্তন করে দেওয়া হয়েছে। বুধবার রাত ১২টায় ওসমানীনগর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে না পেরে লোকজন ওই এলাকার কাশিকাপন পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা ও ভাংচুর করে। এ ব্যাপারে পল্লী বিদ্যুতের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) আবুল হাসনাত বাদি হয়ে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আবুল হাসনাত সাংবাদিকদের বলেন, বুধবার রাত ৮টার দিকে সিলেট সদর থানার আহমদপুরে বৈদ্যুতিক লাইনের জাম্পার বিকল হয়ে যাওয়ায় ওসমানীনগরে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়। তিনি জানান, বিক্ষুব্ধ গ্রাহকরা বেশ কয়েকটি মিটার ভাংচুর করেছে। এতে পল্লী বিদ্যুতের ৪০ থেকে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫০ ঘ.