নেত্রকোনা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে নেত্রকোনার সাতটি গ্রামের শতাধিক ঘরবাড়ি নদীতে ভেসে গেছে।
বুধবার রাতে সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার পাঁচগাও, ভাড়াপাড়া, হাজংপাড়া, হরিনাপুর, রাজবাড়ী, বেহেস্তপুর ও সন্ন্যাসীপাড়া গ্রামে প্রবল বেগে ঢলের পানি ঢুকে পড়ে।
উপজেলার রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল বলেন, সীমান্তের ওপার থেকে নেমে আসা ঢলে মহিষখলা ও মহাদেও নদীর আশপাশের এই গ্রামগুলো প্লাবিত হয়।
তিনি জানান, পাঁচগাও নতুন বাজার এলাকা দিয়ে প্রচন্ড বেগে উজানের পানি ঢুকে পড়ে। পানির তোড়ে এ সময় শতাধিক ঘরবাড়ি ভেসে যায়।
কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেকান্দর হায়াত রেজভী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/কেএমএস/১৬২৬ ঘ.
bdnews24