নড়াইল, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইল সদর উপজেলার গন্ধর্বখালী গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।
নিহত ইলু শেখ (২৫) ওই গ্রামের কুটি মিয়া শেখের ছেলে। বুধবার রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নড়াইল সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গন্ধর্বখালী গ্রামের মহসিন শেখ এবং আহসান মোল্লা পক্ষের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিলো। এর জের ধরে বুধবার দুপুর আড়াইটার দিকে উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষের এক পর্যায়ে লাঠির আঘাতে ইলু শেখের মাথা ফেটে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা দোলোয়ার জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৩৪৭ ঘ.
bdnews24