২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানী থেকে পুরনো গাড়ি তুলতে অভিযান শুরু ১৫ জুলাই

রাজধানী থেকে ২০ বছরের বেশি পুরনো বাস ও ২৫ বছরের বেশি পুরনো ট্রাক-ভ্যান তুলে দিতে আগামী ১৫ জুলাই বিশেষ অভিযান শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 07:43 AM

Updated : 25 Aug 2022, 12:45 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানী থেকে ২০ বছরের বেশি পুরনো বাস ও ২৫ বছরের বেশি পুরনো ট্রাক-ভ্যান তুলে দিতে আগামী ১৫ জুলাই বিশেষ অভিযান শুরু হচ্ছে। সচিবালয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। তিনি বলেন, "ঢাকার বিভিন্ন প্রবেশ ও বহির্গমন পথসহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব যানবাহন উচ্ছেদ করা হবে।" 'ঢাকা মহানগরীতে চলাচলকারী ২০ বছরের বেশি পুরনো বাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক-ভ্যানসহ ফিটনেস বিহীন যানবাহন উচ্ছেদে করণীয়' নির্ধারণে এ সভার আয়োজন করা হয়। যোগাযোগমন্ত্রী এতে সভাপতিত্ব করেন। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ঢাকা মহানগরীতে চার ক্যাটাগরির প্রায় ১৩ হাজার ৭৭৮টি পুরনো যানবাহন রয়েছে। এসব বাস ও ট্রাক তুলে দেওয়া অত্যন্ত জরুরি। এর মধ্যে ২৫ বছরের বেশি পুরনো আট হাজার ১২৫টি ট্রাক ও এক হাজার ৮৪২টি ভ্যান রয়েছে। ২০ বছরের বেশি পুরনো রয়েছে এক হাজার ৪৪৬টি বড় বাস এবং দুই হাজার ৩৬৫টি মিনিবাস। এসব যানবাহন তুলে দেওয়ার জন্য ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সহযোগিতা কামনা করা হলে মালিকরা আগামী ১৫ জুলাই পর্যন্ত সময় চান। যোগাযোগমন্ত্রী বলেন, "আগামী ১৫ জুলাইয়ের আগেই মালিকরা এসব পুরনো যানবাহন সড়ক থেকে তুলে নেবেন। ১৫ জুলাই থেকে ঢাকা মহানগরীতে এসব যানবাহন আটকে বিশেষ অভিযান শুরু হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব যানবাহন তুলে দেওয়া হবে। এক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবেনা।" এছাড়াও সভায় ঢাকা মহানগরীতে ট্রাক প্রবেশের ক্ষেত্রে নতুন সময়সূচি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন সময়সূচি অনুযায়ী এখন থেকে রাত ১২টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত শহরে ট্রাক ঢুকতে পারবে। এরপর আর কোন ট্রাক শহরে ঢুকতে পারবে না। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রাত ১০টা থেকে সকাল ছয়টা পর্যন্ত ঢাকায় ট্রাক প্রবেশের সুযোগ ছিল। কিন্তু রাত আটটার পর থেকেই শহরে ট্রাক ঢুকতো। সভায় যোগাযোগ সচিব মোজাম্মেল হক খান, বিআরটিএ চেয়ারম্যান আইয়ুবুর রহমান, বিআরটিসি চেয়ারম্যান এমএম ইকবাল, রাজউক সদস্য মাহবুবুল আলম, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক আবু হেনা মোস্তফা জামান ও ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/কেএমএস/১৩৩৩ ঘ.