রাজশাহী, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি নিয়ে বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ হাবিবুর রহমানকে লাঞ্ছিত করেছে কলেজের কয়েকজন ছাত্র। তারা অধ্যক্ষকেও গালাগাল দেয়।
এ ঘটনায় ছাত্র সমাজের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হয়েছেন- রাজশাহী মহানগর ছাত্র সমাজের সভাপতি মনছুর আলী এবং কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ও সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক শাহীনুল ইসলাম।
অধ্যক্ষ আলী রেজা মুহম্মদ আব্দুল মজিদ জানান, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে কয়েকজন ছাত্র নিজেদের পছন্দের প্রার্থীকে ভর্তি করতে চাপ দিয়ে আসছিলো কয়েকদিন থেকে। কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাদের ওই অনুরোধ রাখেনি।
মঙ্গলবার বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া শুরু হলে ওই ছাত্ররা কলেজের বিএনসিসি অফিসে চেয়ারটেবিল ভাংচুর করে।
কলেজ কর্তৃপক্ষ এ ঘটনায় রাতেই বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করে।
অধ্যক্ষ বলেন, "এর জেরে দুপুর দেড়টার দিকে ২০/২৫ জন ছাত্র আমার কক্ষে এসে ভর্তিতে অনিয়ম হচ্ছে অভিযোগ করে চিৎকার চেঁচামেচি করে। এ সময় শিক্ষকরা এগিয়ে এলে তারা উপাধ্যক্ষ হাবিবুর রহমানকে লাঞ্ছিত করে এবং আমাকে গালাগাল দেয়।
"পরে অন্য শিক্ষক ও সাধারণ ছাত্ররা মনসুরকে আটক করে পুলিশে দেয়। এরপর পুলিশ শাহিনকেও আটক করে।"
ভর্তির ব্যাপারে অধ্যক্ষ বলেন, কম্পিউটার শিট দেখে নিয়মানুযায়ী ভর্তি প্রক্রিয়া চলছে। এতে কোনো ধরনের অনিয়ম হচ্ছে না।
বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন বলেন, অধ্যক্ষের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আটক দু'জনকে আদালতে চালান দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩২ ঘ.
bdnews24