চাঁপাইনবাবগঞ্জ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের গুলিতে নিহত এক বাংলাদেশীর লাশ মঙ্গলবার রাতে ফেরত দিয়েছে।
ভারত থেকে বাংলাদেশে ঢোকার সময় সোমবার ভোর ৫টার দিকে বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী রবিউল ইসলাম রবু নিহত হন।
এরপর তার লাশ ভারতে নিয়ে গেলে বাংলাদেশ রাইফেলস (বিডিআর) এর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে একটি চিঠি দেয় বলে জানায় বিডিআর।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জায়েদ হোসেন জানান, সোনাসমজিদ সীমান্তে বিডিআর বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক শেষে লাশ হস্তান্তর করা হয়।
শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা সীমান্ত দিয়ে বাংলাদেশের কয়েকজন গরু ব্যবসায়ী দেশে ঢোকার সময় ভারতের মালদা ১৫১ বিএসএফ ব্যাটালিয়নের সাবদেলপুর ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন রবু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/ডিডি/১৭৪৯ ঘ.
bdnews24