ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাটের জনম রহস্য আবিষ্কারের পর এবার কাঁচা পাটের আঁশ ছাড়ানোর যন্ত্র উদ্ভাবনের চেষ্টা করছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট।
নতুন এই যন্ত্রের মাধ্যমে কাঁচা পাটের ছাল ছাড়িয়ে নেওয়া হবে। পরে অল্প পানিতে শুধু ছাল ডুবিয়ে বিশেষ রাসায়নিকের মাধ্যমে পঁচানো যাবে।
বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের গবেষক ড. সামিউল আলম বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ড. মাকসুদুল আলমের পাটের জীবন রহস্য আবিষ্কার নিয়ে এ সম্মেলনের আয়োজন করে তরুণ গবেষকদের সংগঠন 'স্বপ্নযাত্রা'।
এতে পাটের জীবন রহস্য আবিষ্কারে সাত মাসের গবেষণায় নিয়োজিত ৩৫ জন তরুণসহ সব বিজ্ঞানী ও গবেষককে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় অনেকেই তাদের এ কাজের অভিজ্ঞতা বর্ণনা দেন।
মাকসুদুল আলম বলেন, "দেশের মেধাগুলোকে কাজে লাগাতে অবকাঠামোসহ অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে। সরকারিভাবে গবেষণায় অর্থায়নও করা হচ্ছে। ফলে আমরা অচিরেই ভাল কিছু করতে পারবো।"
পাটের জীবন রহস্য আবিষ্কারে বাংলাদেশের প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, "বিশ্বের অনেক দেশই এ বিষয়টি নিয়ে কাজ করছে। কিন্তু বাংলাদেশ এক্ষেত্রে এগিয়ে।"
তিনি জানান, এ আবিষ্কারের ফলে বাংলাদেশ ভবিষ্যতে উন্নত জাতের পাট উদ্ভাবন, পাটের বিভিন্ন জাত, উন্নত আঁশ এবং রোগ সহিষ্ণু পাট আবিষ্কার করতে পারবে। যা বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আরো কার্যকর হবে।
পাটের জীবন রহস্য আবিষ্কারের সুফল কৃষক পর্যায়ে নিয়ে যেতে আরো পাঁচ বছর সময় লাগতে পারে জানান মাকসুদুল আলম।
"তবে এক্ষেত্রে সময় যাতে আরো কম লাগে সেজন্য আমরা কাজ করে যাচ্ছি।" বলেন তিনি।
সম্মেলনে তরুণ গবেষক দলের পক্ষ থেকে এ গবেষণায় জড়িত প্রত্যেকের জন্য কর্মসংস্থান ও গবেষণায় আর্থিক সুবিধা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/আরএ/ কেএমএস/১৭১২ ঘ.
bdnews24