ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারীদের আর্থিকভাবে সাবলম্বী করতে আবারো পাঁচ বছর মেয়াদী 'পরিবার সঞ্চয়পত্র' চালু করেছে সরকার।
বিধবা, স্বামী পরিত্যক্তা ও দরিদ্র মহিলাদের জন্য এ সঞ্চয়পত্র চালু করা হলেও আর্থিকভাবে সক্ষম নারীরাও এ সঞ্চয়পত্র কিনতে পারবেন।
বুধবার জাতীয় সঞ্চয় পরিদপ্তরে 'পুন:প্রর্বতিত পরিবার সঞ্চয়পত্র' শীর্ষক এক অনুষ্ঠানে এ সঞ্চয়পত্র চালুর ঘোষণা দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
১৯৯৭ সালে নারীদের জন্য জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সঞ্চয় প্রকল্পের আওতায় 'পরিবার সঞ্চয়পত্র' চালু হয়। পরে ২০০২ সালে এটি বন্ধ করে দেয় তৎকালীন সরকার।
রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনের পরিদপ্তর মিলনায়তনে ওই অনুষ্ঠানে মতিয়া চৌধুরী বলেন, "সঞ্চয় মানুষের আর্থিক সমৃদ্ধি ও নিরাপত্তা দেয়। সরকার নারীদের আর্থিকভাবে সাবলম্বী করতে আবারো পরিবার সঞ্চয়পত্র চালুর উদ্যোগ নিয়েছে।"
সঞ্চয় করা মেয়েদের সহজাত অভ্যাস উল্লেখ করে তিনি বলেন, "সঞ্চয়পত্রের মাধ্যমে নারীদের অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠবে।"
জাতীয় সঞ্চয় পরিদপ্তরের পরিচালক মাহমুদা আখতার মীনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিধবা, স্বামী পরিত্যক্তা ও দরিদ্র মহিলাদের জন্য এ সঞ্চয়পত্র চালু করা হয়েছে।"
তবে আর্থিকভাবে সক্ষম নারীরাও এ সঞ্চয়পত্র কিনতে পারবেন বলে জানান তিনি।
মাহমুদা আখতার মীনা আরো জানান, দেশের সরকারি ও বেসরকারি ব্যাংক, পোস্ট অফিস এবং সঞ্চয় পরিদপ্তরের ব্যুরো অফিস থেকে একজন নারী 'পরিবার সঞ্চয়পত্র' কিনতে পারবেন।
এ জন্য গ্রাহকের দুই কপি ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি লাগবে।
একজন গ্রাহক সর্বনিু ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন।
পাঁচ বছর মেয়াদী এ সঞ্চয়পত্রের বিপরীতে গ্রাহকরা এগারো দশমিক শূন্য চার শতাংশ লাভ পাবেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নাসিরউদ্দীন আহমেদ এবং যুগ্ম-সচিব শাহীন খান ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/১৬৩৮ঘ.
bdnews24