২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের সিড়িতে ব্যবসায়ীকে কুপিয়ে ৫ লাখ টাকা ছিনতাই

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার কর্নেল হাটে ব্যাংকের সিড়িতে এক ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 08:28 AM

Updated : 25 Aug 2022, 12:41 PM

চট্টগ্রাম, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার কর্নেল হাটে ব্যাংকের সিড়িতে এক ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। মোহাম্মদ মুছা (৫৫) নামের ওই ব্যবসায়ীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ী ও জনতা চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করে। প্রায় আধঘন্টা অবরোধকালে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জনতা ব্যাংক কর্নেল হাট শাখার সিঁিড়তে এ ছিনতাই হয়। চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় মুদি দোকানি মোহাম্মদ মুছা ব্যাংকের ওই শাখায় টাকা জমা দিতে যান। এসময় একদল ছিনতাইকারী তাকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে তার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে জনতা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়। পুলিশ কর্মকর্তা তানভীর জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/কেএমএস/১৪১৯ ঘ.