ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ঢাকা মহানগরীর উন্নয়নে ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) মঙ্গলবার গেজেট আকারে প্রকাশ করেছে।
টাউন ইমপ্র"ভমেন্ট অ্যাক্ট, ১৯৫৩ (ই বি অ্যাক্ট ১৩-১৯৫৩)-এর ৭৩ ধারার আওতায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এখতিয়ারভুক্ত ১৫২৮ বর্গ কিলোমিটার এলাকায় ড্যাপের মহা পরিকল্পনার অধীনে এই গেজেট প্রকাশ করা হয়।
এতে নির্ধারিত সময়সীমার মধ্যে সর্বসাধারণের আপত্তি বা সুপারিশ পেশের বিধান অন্তর্ভুক্ত রয়েছে।
এ গেজেট অনুযায়ী, কোনো ব্যক্তি ৭৩ ধারার (৫) উপধারার আওতায় মাস্টার প্ল্যানে উল্লেখ নেই এমন কোনো জমি যেকোনো উদ্দেশ্যে ব্যবহার করতে চাইলে তাকে রাজউক চেয়ারম্যানের কাছ থেকে অনুমতি নিতে হবে।
রাজউকের অনুমতি পেতে ব্যর্থ হলে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে ৬০ দিনের মধ্যে রাজউকে আপিল করতে পারবেন।
এই আপিলের ক্ষেত্রে উপধারা (২) অনুযায়ী রাজউকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
এর আগে সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ড্যাপকে দ্রুত গেজেট আকারে প্রকাশের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছিলেন। ।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকার চারপাশের জলাশয় ও কৃষি জমি রক্ষা করতে হবে। এ ব্যাপারে কাউকেই ছাড় দেওয়া হবে না। রাজধানীর সার্বিক উন্নয়নের জন্য ড্যাপকে বাস্তবায়ন করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ডিডি/এইচএ/০০১৫ ঘ.
bdnews24