ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিফ হুইপ আব্দুস শহিদ প্রধান বিরোধী দলকে সংসদের বাজেট অধিবেশনে যোগদানের আহ্বান জানিয়ে বলেছেন, তারা যতটুকু সময় চাইবে তাই তাদের দেওয়া হবে।
মঙ্গলবার তিনি বিএনপিকে বাজেট অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানাতে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে টেলিফোন করেন। কিন্তু তার এ আমন্ত্রণে ফারুক ইতিবাচক সাড়া দেননি।
বিএনপি ও তার শরিক দলগুলো প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত রয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ১০ জুন সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন করেন।
মঙ্গলবার বিকালে চিফ হুইপ তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাজেট আলোচনায় অংশ নেওয়ার জন্য আমি তাকে (ফারুক) ফোন করেছি। সংসদে এসে তাদের বাজেটের সমালোচনা করা উচিত।"
তিনি জানান, আগামী ৩০ জুন ২০১০-১১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট সংসদে পাস হবে।
আব্দুস শহিদ বলেন, "বাজেট আলোচনার সময় ফুরিয়ে যাচ্ছে বলেই আমি তাকে ফোন করেছি। এটা আমার সরকারের সিদ্ধান্ত যে যতদূর সম্ভব তাদেরকে অধিবেশনে সময় দেওয়া হবে।"
প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় ৪০ ঘণ্টা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে সংসদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/জেবি/এইচএ/২১০৫ ঘ.
bdnews24