ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশ প্রকাশ করার লক্ষ্যে পত্রিকাটির আবেদনের ওপর শুনানি আগামী ১৫ জুলাই আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুরু হচ্ছে।
আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা মঙ্গলবার এই তারিখ ধার্য করেছেন।
সরকার গত ১ জুন বৈধ প্রকাশক না থাকার অভিযোগে আমার দেশ পত্রিকার প্রকাশনার অনুমোদন বাতিল করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে আমার দেশ রিট করলে হাইকোর্ট গত ১০ জুন আমার দেশের প্রকাশনার অনুমোদন বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে।
এর বিরুদ্ধে সরকার আবার আপিল বিভাগে গেলে গত মঙ্গলবার (১৫ জুন) হাইকোর্টের আদেশ চার সপ্তাহের জন্য স্থগিত করে আপিল বিভাগ। এরপর গত রোববার আপিল বিভাগের ওই আদেশ স্থগিতের আবেদন করে আমার দেশ।
সাবেক অ্যাটর্নি জোনেরল এ জে মোহাম্মদ আলী মঙ্গলবার আমার দেশের পক্ষে শুনানি করেন।
গত মঙ্গলবার আবেদনটির ওপর সরকার পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।
তারা শুনানিতে বলেন, প্রকাশক হিসেবে হাসমত আলী পদত্যাগ করার কারণে আমার দেশের প্রকাশনা বাতিল করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে ও কারণ দর্শানোর নোটিশ দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমার দেশের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক-উল-হক ও ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
তারা বলেন, বেআইনিভাবে ও অসৎ উদ্দেশে আমার দেশের প্রকাশনা বাতিল করা হয়েছে। হাইকোর্ট এসব বিবেচনায় এনে প্রকাশনা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছে।
তারা আরো বলেন, হাইকোর্টের আদেশের পর পত্রিকাটি প্রকাশ করা হয়েছে, তাই এখন হাইকোর্টের আদেশ স্থগিতের কোনো সুযোগ নেই।
আমার দেশ পত্রিকার প্রকাশনা বাতিলের পর ২ জুন ভোররাতে কারওয়ান বাজারের কার্যালয় থেকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৮২৫ ঘ.
bdnews24