সাভার, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা করার দাবিতে সোমবার তৈরি পোশাক শ্রমিকরা আশুলিয়ায় ব্যাপক তাণ্ডব চালিয়েছে।
হাজার হাজার শ্রমিক মহাসড়কে বিক্ষোভ করে। শতাধিক কারখানা ও গাড়ি ভাংচুর এবং ব্যাপক লুটপাট চালানো হয়। তারা প্রায় সাড়ে তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
আরো হামলার আশঙ্কায় তিন শতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পুলিশ-শ্রমিক সংর্ঘষে আহত হয়েছে দুই শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ ও জল কামান ব্যবহার করে। এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
পুলিশ, শ্রমিক ও প্রত্যক্ষদর্শী জানায়, সকাল ৮টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় তৈরি পোশাক কারখানা 'অনন্ত গামেন্টস লিমিটেডে'র প্রায় সাড়ে ৫ হাজার শ্রমিক কর্মস্থলে যোগদান করে। সকাল ১০টার দিকে ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে কারখানার ভিতরে তারা বিক্ষোভ শুরু করে।
এক পর্যায়ে শ্রমিকরা কারখানার ভিতরে ব্যাপক ভাংচুর শুরু করে। নয় তলার কারখানাটির সব দরজা, জানালার গ্লাস, লিফট, অফিস কক্ষ, ক্যান্টিনে ভাংচুর চালায়। অফিস কক্ষের টিভি, কম্পিউটার, প্রিন্টার, ক্লোজ সার্কিট ক্যামেরা, ব্যাপক ভাংচুর ও লুটপাট করে।
কারখানার মূল ফটকে তালা ঝুলিয়ে শ্রমিকরা কারখানার নিয়ন্ত্রণ নেয়।
পরে পুলিশ ও র্যাব এসে কারখানায় ঢুকতে না পেরে ফটকে অবস্থান নেয়।
বেলা ১২টার দিকে কারখানার মালিক এনামুল হক খান কারখানায় এসে ভাংচুরের দৃশ্য দেখে শ্রমিকদের দাবি না মানার সিদ্ধান্ত নেন। এ অবস্থায় কারখানা ছুটি ঘোষণা করলে দুপুর ১টার দিকে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে যায়।
দুপুর আড়াইটার দিকে নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা ব্যাপক ভাংচুর করে। পরে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে।
হা-মীম গ্রুপের পরিচালক মোহাম্মদ আলী মন্ডল দাবি করেন, কারখানা ছুটি ঘোষণার পর বহিরাগত শ্রমিকরা আচমকা কারখায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে।
এক পর্যায়ে অবস্থার আরো অবনতির আশঙ্কায় আশুলিয়া, জিরাব, নরসিংহপুর, ঘোষবাগ, কাঠগড়া, বাইপাইল, জামগড়া, পল্লী বিদ্যুতসহ আশপাশ এলাকার তিন শতাধিক কারখানা ছুটি ঘোষণা করে কর্র্তৃপক্ষ।
কারখানা ছুটির পর শ্রমিকরা একত্রিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক, নবীনগর-কালিয়াকৈর সড়ক ও জিরাব-বিশমাইল সড়ক অবরোধ করে সড়কে পাথর ও টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। এসময় সড়কে চলাচলরত শতাধিক যানবাহন ভাংচুর করে।
এ সময় মহাসড়কের পাশের হা-মীম গ্র"প, শারমিন গ্রুপ ও নাসা গ্রুপের প্রতিষ্ঠান নাসা গার্ডেন লিমিটেডে, নাসা এজি সুপার গামের্ন্টস লিমিটেড, নাশা গ্লোবাল লিমিটেড, নাশা হাইটেক লিমিটেড এবং নাশা ওয়াশ লিমিটেড, অনন্ত গ্রুপ, সোনিয়া গ্রুপ, জনরন সুয়েটার লি., সেতারা গার্মেন্টস, মেডলার গ্রুপ, জামগড়ার এনভয় গ্রুপ, রিয়ম কমপ্লেক্সের, সেড ফ্যাশন লি., বান্দু ডিজাইন লি., এম ডিজাইন লি., স্টারলিং ক্রিয়েশন লি., স্ক্যানডেক্স লি., নূরজাহান ম্যানশন, ডিজাইনার জিন্স লি., আলেয়া নীট ওয়্যার লি., হিউএ্যান সুয়েটার লি., মদিনা সুয়েটার, এ্যাপেক্স সুয়েটার, পলমল গ্রুপ, প্রীতি গ্রুপ, ইউনিভার্সেল সুয়েটার, আইডিএস গ্রুপ, দরদা ফ্যাশন, কসবা ফ্যাশন, স্যামস এ্যাটায়ার লি., তামিম এমব্রয়ডারী লি., ফাইভ ব্রাদার্স লি., এই নিট লি., এডেন প্রিন্টিং লি., তামনি গার্মেন্টসসহ শতাধিক কারখানা ভাংচুরের শিকার হয়।
এছাড়া শ্রমিকরা সড়কের পাশে দোকানপাটেও ভাংচুর চালায়। লুটপাট করে বেশ কয়েকটি কারখানায়। কয়েকটি কারখানার কর্মকর্তাকে মারধর করে।
দফায় দফায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে পথচারী ও পুলিশসহ দুই শতাধিক আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দেড়শতাধিক রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। ব্যবহার করে জল কামান।
বিকাল ৪টার দিকে শ্রমিকরা পলাশবাড়ী এলাকায় স্কাই লিংক গ্রুপের প্রতিষ্ঠান স্কাই লিংক গামের্ন্টস, স্কাই লিংক ক্যাজুঢাল এ্যাপারেলস, স্কাই লিংক এ্যাপারেলস, গুডরিচ সোয়েটার লিমিটেড, ইউনিক টুন গামের্ন্টস ও এএসস লিমিটেড কারখানায় প্রবেশের পথে মূল ফটক ও ইটের দেয়াল ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়।
আগুনে কারখানার একটি শ্রমিকবাহী বাস, একটি প্রাইভেটকার ও একটি মাইক্রোবাস পুড়ে যায়। এছাড়া কারখানার বিভিন্ন মালামাল পুড়ে যায়।
বিকাল পৌনে ৫টার দিকে বিপুল সংখ্যক পুলিশ উচ্ছৃঙ্খল শ্রমিকদের উপর লাঠিচার্জ ও টিয়ারসেল নিক্ষেপ করে। শুরু হয় শ্রমিক পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ জল কামান ব্যবহার করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
বিকাল ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। শ্রমিকরা মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে দেয়। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে জল কামান ও টিয়ার সেল নিক্ষেপ করে পুলিশ।
সন্ধ্যা ৬টার দিকে পুলিশ প্রহরায় সড়কে যানবাহন চলাচল শুরু হয়।
ঘোষবাগ এলাকার সোনিয়া গ্রুপের সোনিয়া সোয়েটার্স কারখানায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এসময় ওই কারখানার চেয়ারম্যান মোস্তফা কামাল শাহীন, পরিচালক মাহবুব আলম, মারচেন্ডাইজার তাইফুর রহমান, বার্বুচি বিল্লাল হোসন উচ্ছৃঙ্খল শ্রমিকদের হামলায় গুরুত্বর আহত হয়েছে।
কারখানার ব্যবস্থাপক মো. আব্দুল মোতালেব জানান, কারখানা বন্ধ থাকার পরও শ্রমিকরা দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। ভাংচুর করেছে কারখানার ১১টি গাড়ী। শ্রমিকদের হামলায় এ প্রতিষ্ঠানের চেয়ারম্যানও আহত হন।
এদিকে উচ্ছৃঙ্খল শ্রমিকদের একটি অংশ জিরাব-বিশমাইল সড়কে টায়ারে আগুন জালিয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবরোধ করে রাখে। এসময় শ্রমিকরা সড়কে চলাচলকারী যানবাহনে ভাংচুর চালায়। আগুন ধরিয়ে দেয় জিরাব এলাকার ইউনিয়ন এক্সেসরিজ লিমিটেড নামক তৈরি পোশাক কারখানায়।
কারখানার সিকিউরিটি ইনচার্জ আব্দুল হালিম জানান, কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ভাংচুর করে কারখানা। পরে কারখানার শ্রমিকরা কারখানার নিজস্ব ব্যবস্থায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এছাড়া জিরাব পুকুরপাড় এলাকার কেলিকো সোয়ের্টাস লিমিটেড কারখানার মূল ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কারখানা ভাংচুর করে। আগুন ধরিয়ে দেয় শিপমেন্টের জন্য তৈরি সোয়েটারে।
কারখানার নিরাপত্তারক্ষী আব্দুল গণি জানান, শ্রমিকরা কারখানা, গাড়ি ভাংচুর করেছে। আগুন ধরিয়ে দিয়েছে তৈরি মালামালে। লুপপাটও করেছে তারা।
সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনেডেন্ট (এএসপি) মনোয়ার হোসেন বলেন, আন্দোলনকারী শ্রমিকদের দমন করতে পুলিশ প্রয়োজনে আরও কঠিন পদক্ষেপ নেবে।
আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সকল ধরনের প্রচেষ্টা চালাচ্ছে। সাভার ও ডিইপিজেড এলাকাসহ আশুলিয়া শিল্পাঞ্চলে ব্যাপক পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০২০০ ঘ.
bdnews24