নাটোর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন দাবিতে নাটোরের গোপালপুর ডিগ্রি কলেজ শিক্ষার্থীরা সোমবার সব কক্ষে তালা লাগিয়ে দিয়েছে।
এরপর শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেয়।
তাদের দাবির মধ্যে রয়েছে নিয়মিত ক্লাস নেওয়া, ভর্তি ফরমের মূল্য হ্রাস করা, শ্রেণীকক্ষে বিদ্যুৎ সরবরাহ, কমন রুম স্থাপন, সুষ্ঠু পরিবেশ, মাঠ সংস্কার, ক্যাম্পাস ও শ্রেণীকক্ষ পরিস্কার করা, সাইকেল গ্যারেজ নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, কলেজের আয়-ব্যয়ের হিসাব দাখিল এবং যোগ্য ব্যক্তিকে অধ্যক্ষ পদে নিয়োগ দান।
সকাল ৯টায় কলেজের কয়েকশ' শিক্ষার্থী ক্লাশে না গিয়ে কলেজ মাঠে সমাবেশ করে।
এ সময় বক্তব্য দেন নাজির হোসেন খান রিমন, মনিরুল হক, নাহিদ ইবনে আলম, দৌলতুন্নেছা ও সানজিদা আফরিন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কলেজে নিয়মিত ক্লাশ নেওয়া হয় না। এ ব্যাপারে অধ্যক্ষের সঙ্গে আলাপ করেও কোনো ফল হয়নি। তাই এটিসহ অন্যান্য সমস্যার সমাধানের দাবিতে কলেজ বন্ধ করে দিতে হয়েছে।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজাহিদ হোসেন বলেন, শিক্ষার্থীরা স্মারকলিপি আকারে সে সকল সমস্যার কথা উল্লেখ করেছে কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে তা সমাধানের পদক্ষেপ নেবো।
তবে আলাপ আলোচনা না করে তালা ঝুলিয়ে দিয়ে তারা ঠিক করেননি বলে মনে করেন তিনি।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম বলেন, আমার কাছে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছে। কলেজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলাপ করে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ শেফালী মমতাজ বলেন, "আমি তালা ঝোলানোর বিষয়টি শুনেছি। অধ্যক্ষকে সমস্যা দ্রুত সমাধানের নির্দেশ দিয়েছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১২৪ ঘ.
bdnews24