২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমের রস প্রক্রিয়াজাতকরণে শুল্ক প্রত্যাহার দাবি

প্রস্তাবিত ২০১০-১১ অর্থবছরের বাজেট থেকে ফলের রস প্রক্রিয়াজাতকরণের উপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে আম চাষিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 06:50 PM

Updated : 25 Aug 2022, 12:32 PM

নাটোর, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত ২০১০-১১ অর্থবছরের বাজেট থেকে ফলের রস প্রক্রিয়াজাতকরণের উপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে আম চাষিরা। উত্তরাঞ্চল আম চাষি কল্যাণ সমিতি সোমবার দুপুরে নাটোর শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এই দাবি জানায়। এর আগে কয়েকশ' আম চাষি জেলা শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন করে। সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক ও সহ সাধারণ সম্পাদক সৈয়দ হাসানুল খালেক বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, সরকার বিদেশ থেকে ফলের রস আমদানিতে সুবিধা দেওয়ার জন্য দেশে ফলের রস উৎপাদনের উপর বিদ্যমান ১৫ শতাংশ ভ্যাট ছাড়াও ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করেছে। বাজেট ঘোষণার পরপরই ফলের রস উৎপাদক প্রতিষ্ঠানগুলো চাষিদের কাছ থেকে আম কেনা কমিয়ে দিয়েছে। অতিরিক্ত শুল্কের আরোপের ফলে বাজারে আমের রস জাতীয় পানীয়ের (ফ্রুট ড্রিংকস) চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় উৎপাদকরা আমের রস (পাল্প) উৎপাদন কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। এ অবস্থায় আম উৎপাদন ও প্রক্রিয়াজতকরণের সঙ্গে জড়িত ২০ লাখ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। চাষিরা আম চাষে আগ্রহ হারাবে। সাধারণ সম্পাদক এমদাদুল হক বলেন, এবার আমের ফলন ভাল হওয়ায় বাজারে সরবরাহ প্রচুর। চাষিরা তুলনামূলক দামও কম পেয়েছে। সরকার শুল্ক প্রত্যাহার না করলে চাষিরা চরম ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের না করলে আম চাষিরা বৃহত্তর আন্দোলনে যাবে বলেও হুমকি দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৫ ঘ.