২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাওরাঞ্চলের নদী খনন ও বাঁধ সংস্কারের আহ্বান

হাওর এলাকার আকস্মিক বন্যার হাত থেকে ফসল রক্ষায় নদী পুনর্খনন ও বাঁধ উঁচু করার আহবান জানিয়েছে বিভিন্ন উন্নয়ন সংস্থা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 06:49 PM

Updated : 25 Aug 2022, 12:32 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাওর এলাকার আকস্মিক বন্যার হাত থেকে ফসল রক্ষায় নদী পুনর্খনন ও বাঁধ উঁচু করার আহবান জানিয়েছে বিভিন্ন উন্নয়ন সংস্থা। সোমবার এক গোলটেবিল বৈঠকে রাজনীতিবিদ ও উন্নয়নকর্মীরা বলেন, এবারের অকাল বন্যায় হাওর অঞ্চলের প্রায় ৬১ শতাংশ জমির ধান তলিয়ে গেছে। এ কারণে হাওর অঞ্চলের মানুষের জীবন বিপন্ন প্রায়। ওই এলাকার নদী পুনর্খনন এবং বাঁধ উচু করার মাধ্যমে এসব অসহায় মানুষকে বাঁচানো সম্ভব বলে তারা মনে করেন। রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'হাওর অঞ্চলে আগাম বন্যায় ক্ষয়ক্ষতির কারণ এবং ভবিষ্যতে এই ক্ষতি লাঘবের কৌশল' শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজক সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজসহ (সিএনআরএস) নয়টি জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। উজান থেকে নামা পাহাড়ি ঢলে এ বছর এপ্রিলে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের হাওর এলাকার কয়েক লাখ হেক্টর জমির বোরো ধানসহ বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হয়। সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক ও সুনামগঞ্জ-১ আসনের মোয়াজ্জেম হোসেন রতন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএনআরএস'র নির্বাহী পরিচালক মোখলেছুর রহমান। সাংসদ মুহিবুর রহমান মানিক বলেন, এবার অকাল বন্যায় হাওর অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রায় মহাবিপর্যয় ডেকে এনেছে। বোরো ফসলের ওপরই হাওর অঞ্চলের মানুষের জীবিকা নির্ভর করে। প্রতি বছরই কমবেশি এভাবে ফসলহানি ঘটছে। বৈঠকে হাওর অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ, হাওর উন্নয়ন বোর্ডকে সক্রিয় করা, বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধ, কৃষি ঋণ মওকুফ, কৃষকদের বিনামূল্যে সার, কীটনাশক ও বীজ সরবরাহ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা বৃদ্ধির সুপারিশ করা হয়। আয়োজকরা জানান, হাওরের অকাল বন্যায় ক্ষতির কারণ ও এ থেকে পরিত্রাণের উপায় বের করতে স্বেচ্ছাসেবী সংগঠন বিএনপিএস, সিএসআরএল, সিএনআরএস, হাউস, আইডিয়া, নাগরিক সংহতি, অক্সফ্যাম, পপি ও আরডব্লিউডিও মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/০০১৩ ঘ.