ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, 'অপরাধ করেও পার পেয়ে যাওয়ার সংস্কৃতি' চিরতরে নির্মূল করতেই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে।
তিনি বলেন, "বাংলাদেশে অনেকেরই ধারনা হয়েছে অপরাধ করেও পার পাওয়া যায়। এই সংস্কৃতি চিরতরে নির্মূল করতেই যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে।"
সোমবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত '১৯৭৩ সালের আর্ন্তজাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার' শীর্ষক সেমিনারে আইনমন্ত্রী এসব কথা বলেন।
কেন এতদিন পরেও এই বিচার করা প্রয়োজন-এ প্রশ্নের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, প্রথমত বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্র"তি দিয়ে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে। এছাড়া যারা ঘটনার শিকার হয়েছে, তাদের বিচারপ্রাপ্তি নিশ্চিত করতেই এই বিচার করতে হবে।
শফিক আহমেদ বলেন, "আমরা অন্যায় সহ্য করি না। বিশ্বের কোনও দেশে এমন আইন নেই, যেখানে অন্যায় করলেও বিচার করা হয় না। আমরা অন্যায় সহ্য করিনা- বিশ্বের জনগণের কাছে এই বক্তব্য পৌছে দিতেই যুদ্ধাপরাধীদের বিচার করতে চাই।"
রাজনৈতিক হয়রানির অভিযোগ আবারও নাকচ করে তিনি বলেন, রাজনৈতিক হয়রানী নয়, অপরাধের বিচার না হয়ে ৩৯ বছর ধরে জাতি যে ক্ষত বয়ে বেড়াচ্ছে, সেই ক্ষত দূর করতেই বাংলার মাটিতেই অপরাধীদের বিচার করা হবে।
গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহ-সভাপতি এম এ কদ্দুসের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউরোপীয় পার্লামেন্ট সদস্য সিসিলিয়া উইকস্ট্রম, কানাডার জুরিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এর্টনি উইলিয়াম স্লোন, ভারতের সাবেক স্পিকার অধ্যাপক বি.বি দত্ত, যুক্তরাষ্টের অধ্যাপক মনসুর খান, যুক্তরাজ্যের বি. বি চৌধুরী, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, আওয়ামী লীগ সভাপতি মণ্ডলির সদস্য ইউসুফ হোসেন হুমায়ূন প্রমুখ।
এর্টনি উইলিয়াম স্লোন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ায় এই জাতিকে অনেকটাই পঙ্গু করে দিয়েছে। দীর্ঘদিন পরে হলেও বিশ্বের অন্যান্য দেশে এই ধরনের ঘটনার বিচার করা হয়েছে। অপরাধীদের বিচার না হলে তারা ভাববে, তারা কোনও অপরাধই করেনি। এটা জাতিকে ভুল বার্তা পাঠাবে।
তিনি বলেন, পাকিস্তানি সেনাবাহিনী এই গণহত্যা চালিয়েছে। অথচ তাদের বিচার না করে পরবর্তীতে নানা দায়িত্ব দেওয়া হয়েছে। তাদের অপরাধকে সেদেশের তরুণ প্রজন্মের কাছে গোপন করা হয়েছে। আপনারা বিচার শুরু করুন, এই বিচারের প্রতি আমাদের সমর্থন থাকবে।
সিসিলিয়া উইকস্ট্রম বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যাতে দ্রুত শুরু হয়, আমরা সেটাই চাই। এ ব্যাপারে বাংলাদেশ আন্তর্জাতিক সমর্থন চেয়েছে। এতে আমার পূর্ণ সমর্থন জানাচ্ছি। আগামী এক মাসের মধ্যে আমি দেখতে চাই বিচার শুরু হয়েছে।
বি.বি দত্ত বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত এবং তার ১'শ কোটি জনগণ বাংলাদেশের পাশে রয়েছে। এই বিচার বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এইচএ/২৩০০ ঘ.
bdnews24