২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অবৈধ' ভবন তড়িঘড়ি না ভাঙার পক্ষে প্রতিমন্ত্রীর যুক্তি

রাজধানীতে গড়ে ওঠা অবৈধ ভবন ও স্থাপনাগুলো তড়িঘড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 12:33 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে গড়ে ওঠা অবৈধ ভবন ও স্থাপনাগুলো তড়িঘড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আর এই সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেছেন, "যারা এসব ভবন নির্মাণ করেছেন তারা আমাদেরই কারো ভাই, কারো বোন, কারো আত্মীয়-স্বজন। এসব কি একদিনে গুঁড়িয়ে দেওয়া যাবে? এগুলোর ব্যাপারে সরকারকে আলোচনার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে। কাউকে কষ্ট দিয়ে আমরা কোনো কাজ করতে চাইনা।" সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী। মান্নান বলেন, "একসঙ্গে এত ভবন ভেঙে ফেলার উদ্যোগ নিলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হবে। এটা কোনো গণতান্ত্রিক সরকার করতে পারে না। এমন কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো উন্মাদ আমরাও নই।" নিজের বক্তব্যের পক্ষে জোরালো অবস্থান নিতে গিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, "বৈধ বা অবৈধ যাই হোক না কেন- যে শিশুটি আজ জন্ম নিয়েছে, তাকে হত্যা করার অধিকার কারো নেই। একজন আইনজীবী হিসেবে এটি আমিও তা বিশ্বাস করি। এ নিয়ে মন্ত্রিসভার বৈঠকেও বিস্তারিত আলোচনা হয়েছে।" তবে ঢাকা শহরে নির্মিত ভবনগুলোর অবৈধ অংশ ভেঙে ফেলা হবে বলে তিনি জানান। এ সম্পর্কে পূর্ত প্রতিমন্ত্রী বলেন, সরকার আগে অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলো ভেঙে ফেলার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে। এগুলো দ্রুতই ভেঙে ফেলা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যগুলোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে রোববার পূর্ত মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, রাজধানীতে নির্মিত অবৈধ ও অনুমোদনহীন ভবনগুলো ভেঙে ফেলার ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ নিতে যাচ্ছে। ভূমি মালিক, আবাসন ব্যবসায়ী ও সরকার কেউ কারো 'শত্র"' নয় মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, "সরকার, ভূমি মালিক ও আবাসন ব্যবসায়ীরা পরস্পরের পরিপূরক। দেশের স্বার্থের কথা চিন্তা করেই আমাদেরকে কাজ করতে হবে। প্রত্যেককে ইমারত নির্মাণ আইন মেনে চলতে হবে।" ড্যাপ বাস্তবায়ন প্রসঙ্গে মান্নান খান বলেন, "এটি একা মান্নান খানের বিষয় নয়। এটি গোটা দেশের মানুষের স্বার্থে করা হয়েছে। এ নিয়ে মন্ত্রিসভায় বিস্তারিত আলোচনা হয়েছে। সবাই ড্যাপ বাস্তবায়নের ব্যাপারে ইতিবাচক মত দিয়েছেন।" তিনি জানান, সরকার শিগগিরই ড্যাপ'কে গেজেট আকারে প্রকাশ করে ওয়েবসাইটে দেবে। এ ব্যাপারে মতামত নিয়ে প্রয়োজনে তা আবার সংশোধন করা হবে। পরবর্তীতে একে আইনে রূপ দেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, "ভূমি ও পানি সংশ্লিষ্ট সাত মন্ত্রণালয়কে নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। যে কোন মূল্যে ড্যাপ বাস্তবায়ন করা হবে। কোন কিছুই ড্যাপ বাস্তবায়নে বাধার সৃষ্টি করতে পারবে না।" মান্নান খান জানান, সামান্য বৃষ্টিতে ঢাকা মহানগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অথচ খাল-বিল, নদী-নালা দখল করে ভবন বা স্থাপনা নির্মাণ করা হয়েছে। আর জলাশয় রক্ষা করতেই ড্যাপ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/এইচএ/২০৪০ ঘ.