২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দারুল ইহসান বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কারাগারে

প্রতারণা মামলায় দারুল ইহসান বিশ্ববিদ্যালয় নোয়াখালী ক্যাম্পাসের সাত কর্মকর্তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 12:34 PM

নোয়াখালী, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণা মামলায় দারুল ইহসান বিশ্ববিদ্যালয় নোয়াখালী ক্যাম্পাসের সাত কর্মকর্তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। সোমবার নোয়াখালীর জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম শাহ মো. জাকির হাসান এ আদেশ দেন। সকালে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক আবদন নাকচ করেন। এরা হলেন- বিশ্ববিদ্যালয়ের পরিচালক মোস্তাফিজুর রহমান, পরিচালক (প্রশাসন) জিয়াউর রহমান জিয়া, প্রশাসনিক কর্মকর্তা জিয়াউল হক ফরহাদ, জনসংযোগ কর্মকর্তা নিজাম উদ্দিন সুমন, সমন্বয়কারী সাইফুদ্দিন, অংশীদার একরামুল হক ফিরোজ ও সেকশন অফিসার গোলাম রেজা পলাশ। অনুমোদন ছাড়া নোয়াখালী ক্যাম্পাস খুলে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গত ৪ এপ্রিল একই আদালতে মামলাটি দায়ের করেন একই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র কায়সার হামিদ রকি। আদালত মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে নেওয়ার জন্য সুধারাম থানাকে নির্দেশ দেন বলে জানান বাদীর আইনজীবী অ্যাডভোকেট আবদুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা এই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করলে হাইকোর্ট তাদের নিম্ন আদালতে আত্মসর্মপনের নির্দেশ দেয়। এদিকে গত ২৩ মে আইন বিভাগের আরেক ছাত্র মো. নূরুল্লাহর দায়ের করা পৃথক আরেকটি প্রতারণা মামলায় জেলার মুখ্য বিচার বিভাগীয় হাকিম হুমায়ন কবির এই সাতজনসহ ১১ কর্মকর্তাকে কারাগারে পাঠান। পরে তারা জামিনে বের হয়ে আসেন। ওই মামলার অপর চারজন হলেন- অংশীদার জসীম উদ্দিন, কম্পিউটার অপারেটর সাহাবুদ্দিন, কর্মকর্তা জিয়াউদ্দিন খোকন ও সেকশন অফিসার রেজাউল করিম। মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ফেব্র"য়ারি মাসে জেলা শহর মাইজদীর লইয়ার্স কলোনির একটি ভবনের ভাড়া ঘরে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়। খোলা হয় ২২টি বিভাগ। ভর্তি করা হয় চার শতাধিক ছাত্রছাত্রী। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মাহবুব আলম বলেন, ধানমণ্ডির মূল ক্যাম্পাস ছাড়া আর কোনো ক্যাম্পাসের অনুমোদন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেয়নি। তাই নোয়াখালী ক্যাম্পাসেরও কোনো অনুমোদন নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮৪৫ ঘ.