২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

'অবহেলা ও ভুল' চিকিসার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক আক্তার জাহানকে জামিন দিয়েছে পঞ্চগড়ের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 05:14 PM

Updated : 25 Aug 2022, 12:29 PM

পঞ্চগড়, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'অবহেলা ও ভুল' চিকিসার অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক আক্তার জাহানকে জামিন দিয়েছে পঞ্চগড়ের একটি আদালত। রোববার পঞ্চগড়ের মূখ্য বিচারিক আদালতের হাকিম জাফরুল হাসান তার জামিন মঞ্জুর করেন। তার জামিন হওয়ায় অনির্দিষ্টকালের চিকিৎসক কর্মবিরতি এবং ক্লিনিক ও প্যাথলজিগুলোর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আদালত সূত্র জানায়, সকালে ডা.আক্তার জাহানের পক্ষে তার আইনজীবীরা জামিন আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন। গত বৃহস্পতিবার রাতে তাহেরা বেগম নামে এক প্রসূতির মৃত্যুর কারণে পঞ্চগড় মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসক ডা. জাহানকে পুলিশ গ্রেপ্তার করে। পরে ওই দিনই তার ও পরিদর্শিকা নীলিমা বেগমের বিরুদ্ধে 'অবহেলা ও ভুল' চিকিৎসার অভিযোগে থানায় মামলা হয়। শুক্রবার তার পক্ষে আদালতে জামিনের আবেদন করা হলে আদালত রোববার শুনানির দিন ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পঞ্চগড় বিএমএর সাধারণ সম্পাদক ডা. মনসুর রহমান বলেন, "ডা. জাহানের জামিন হওয়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতি ও ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। বর্তমানে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলছে।" এর আগে শনিবার রাতে স্থানীয় সংসদ সদস্য মজাহারুল হক প্রধানের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তিনি চিকিৎসকদের কর্মবিরতি ও ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। বৈঠকে জেলা প্রশাসক বনমালী ভৌমিক, অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মিজানুর রহমান, বিএমএর সহসভাপতি ডা. সিদ্দিকুর রহমান, ডা.বাহারাম আলী, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি এ রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এইচএ/২২৫৪ ঘ.