২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শূন্য পদে ডাক্তার নিয়োগ শিগগির: স্বাস্থ্যমন্ত্রী

দেশে চিকিৎসক ও নার্সের স্বল্পতা রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 11:26 AM

Updated : 25 Aug 2022, 12:30 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশে চিকিৎসক ও নার্সের স্বল্পতা রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী আ ফ ম রুহুল হক। জাতীয় সংসদে রোববারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে রুহুল হক এক প্রশ্নের জবাবে বলেন, "সারা দেশে ডাক্তারের স্বল্পতা রয়েছে। ডাক্তারের শূন্য পদ পূরণের জন্য ইতিমধ্যে এডহক ভিত্তিতে তিন হাজার ৫৫১ জন ডাক্তার নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, বিশেষজ্ঞ পর্যায়ে ডাক্তারের শূন্য পদ পূরণের বিষয়টিও প্রক্রিয়াধীন আছে।" শিগগিরই শূন্য পদে ডাক্তার নিয়োগ করা সম্ভব হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন। সংরক্ষিত মহিলা আসনের সাংসদ মোসাম্মৎ শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, শূন্য পদে খুব শিগগিরই নার্স নেওয়া হবে। ময়মনসিংহ-৪ আসনের সাংসদ মতিউর রহমানের প্রশ্নের জবাবে রুহুল হক বলেন, "সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের ছয় হাজার ৮৬১টি পদ শূন্য এবং দু'হাজার ৬২৭টি নার্সের পদ শূন্য রয়েছে। কক্সবাজার-৩ আসনের সাংসদ লুৎফুর রহমানের আরেক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "কক্সবাজারের আন্তর্জাতিক গুরুত্ব উপলব্ধি করে সেখানে স্থাপিত মেডিকেল কলেজের পূর্নাঙ্গতা প্রদানের সব ব্যবস্থাপনা প্রক্রিয়াধীন আছে।" আরেক প্রশ্নের জবাবে ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান খান জানান, সরকারি কোটায় ১৫ হাজার নারী-পুরুষ হজ পালনের সুযোগ পাবে। শাহজাহান খান আরো জানান, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য মক্কা ও মদিনায় তারকা মানের বাড়ি বা হোটেল ভাড়া করা হয়েছে। প্রতি এক হাজার হজযাত্রীর জন্য একজন করে চিকিৎসক নিয়োজিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, হজ ফ্লাইটের তারিখও চূড়ান্ত করা হয়েছে। ফিরতি ফ্লাইটের তারিখও চূড়ান্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/কেএমএস/১৭১৫ ঘ.