২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিশ আহরণ কম, চাঁদপুরে ব্যবসায়ীরা হতাশ

প্রাকৃতিক নানা কারণে মেঘনা ও অন্যান্য নদীতে ইলিশের আহরণ কমে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন চাঁদপুরের মাছ ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 11:47 AM

Updated : 25 Aug 2022, 12:27 PM

চাঁদপুর, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রাকৃতিক নানা কারণে মেঘনা ও অন্যান্য নদীতে ইলিশের আহরণ কমে যাওয়ায় হতাশা ব্যক্ত করেছেন চাঁদপুরের মাছ ব্যবসায়ীরা। তাদের দাবি, অতি মাত্রায় জাটকা আহরণ, নদীর পানি বেশি ঘোলা হয়ে যাওয়া, ইলিশের খাদ্য কমে যাওয়া এবং পরিবেশ দূষণের কারণে নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে। মাছ ব্যবসায়ীদের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন মৎস্য গবেষণা ইন্সটিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ইলিশ গবেষক ড. মো. আনিছুর রহমান। চাঁদপুর শহরের বড়স্টেশন মাছ ঘাটের ইলিশ ব্যবসায়ী সোহেল গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গতবারের তুলনায় এবার ঘাটে মাছের আমদানি কম।" মৎস্য ব্যবসায়ী মো. ফারুক হোসেন বলেন, "গতবছর এই সময়ে প্রতিদিন গড়ে দেড়শ থেকে দুশ মণ ইলিশ আমদানি হতো। এবার আমদানি ৭০ থেকে ৮০ মণ। তাও এগুলো ভোলা, মনপুরা, চরফ্যাশন, নিঝুম দ্বীপ ও হাতিয়াসহ বিভিন্ন এলাকা থেকে চাঁদপুরে আসছে।" মৎস্য ব্যবসায়ী মো. আমির হোসেন জানান, চাঁদপুরের মেঘনায় জেলেরা প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ মণ ইলিশ পাচ্ছে। তাও ছোট আকৃতির। চাঁদপুরে ১ কেজি ওজনের ইলিশ সাড়ে ৮শ' থেকে সাড়ে ৬শ' টাকায় বিক্রি হচ্ছে। চাঁদপুর মৎস্যজীবী সমবায় সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান (কালু) ভূঁইয়া জানান, বর্তমানে মেঘনায় ইলিশের আকাল চলছে। অলস সময় কাটাচ্ছে বড়স্টেশন মাছঘাটের ২শ' মাছের আড়তের ৮ শতাধিক শ্রমিক। আমদানি কম হওয়ায় সিলেট, ঢাকা, চট্টগ্রাম এবং ভারতে ইলিশ পাঠানো যাচ্ছে না। আনিছুর রহমান জানান, প্রতি বছর মে থেকে জুলাই মাস পর্যন্ত ইলিশ কম ধরা পড়ে। বর্তমানে ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক বিভিন্ন কারণে ইলিশ কম ধরা পড়ছে। ইলিশের খাদ্য ও প্রজনন বৃদ্ধি পেলে জেলেদের জালে ধরা পড়ে বেশি। তিনি বলেন, "এখন প্রজননের সময় নয়। তাই নদীতে ইলিশের আগমন কম। এ কারণে জেলেদের জালে ধরাও পড়ছে কম।" এছাড়া এবার নদী থেকে বেশি পরিমাণে জাটকা আহরণ, বিভিন্ন স্থানে পলি জমা এবং বুড়িগঙ্গার দূষিত পানি চাঁদপুরের নদীসীমানায় প্রবেশের কারণেও ইলিশ তার জৌলুস হারাচ্ছে বলে মন্তব্য করেন আনিছুর রহমান। তিনি বলেন, "গতবছর ২০ হাজার মেট্রিক টন জাটকা ধরেছিল জেলেরা। এবার সতর্কতা ও প্রচারণা চালানো সত্ত্বেও গতবারের চেয়ে বেশি জাটকা নদী থেকে আহরিত হয়েছে। তবে এর সঠিক সংখ্যা নিরূপন করা সম্ভব হয়নি। তবে বৃষ্টি ঠিকমতো হলে চলতি বছরের আগস্ট মাস থেকে নদীতে বেশি ইলিশ মাছ ধরা পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন আনিছুর রহমান। জাতীয় মাছ ইলিশ সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় প্রতিবছর মার্চ-এপ্রিল দু'মাস চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এর মধ্যে চাঁদপুরের নদীসীমানা হচ্ছে ৬০ কিলোমিটার। ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দু'মাস চাঁদপুরের বিস্তীর্ণ নদীসীমাকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করে জাটকা রক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় এবার চাঁদপুর জেলার ২৩ হাজার ৩শ' ৩৫ জন জেলেকে ফেব্র"য়ারি মাস থেকে জনপ্রতি ৩০ কেজি করে ৪ মাস চাল দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/কেএমএস/১৭৪০ ঘ.