২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পাটের জীবনরহস্য: সুফল পেতে লাগবে ৫ বছর'

পাটের জীবনরহস্য আবিষ্কারের সুফল কৃষক পর্যায়ে পৌঁছাতে সর্বোচ্চ পাঁচ বছর সময় লাগবে বলে জানিয়েছেন আবিষ্কারক জিন বিজ্ঞানী ড. মাকসুদুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 08:46 AM

Updated : 25 Aug 2022, 12:21 PM

ঢাকা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাটের জীবনরহস্য আবিষ্কারের সুফল কৃষক পর্যায়ে পৌঁছাতে সর্বোচ্চ পাঁচ বছর সময় লাগবে বলে জানিয়েছেন আবিষ্কারক জিন বিজ্ঞানী ড. মাকসুদুল আলম। তিনি বলেছেন, যত দ্রুত সম্ভব তা কৃষক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হবে। 'সোনালী আঁশে নতুন আশা' শীর্ষক এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার ড. মাকসুদুল আলম এ কথা বলেন। আগেরদিন জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটের জীবনরহস্য (জিনম সিকোয়েন্সিং) আবিষ্কারের বিষয়ে ঘোষণা দেন। বিজ্ঞানী ড. মাকসুদুল আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি তরুণ গবেষক দল পাটের জীবনরহস্য উদঘাটন করে। কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মাকসুদুল আলম বলেন, "এ আবিষ্কারের প্যাটেন্ট (স্বত্ত্ব) নেওয়ার প্রক্রিয়া চলছে। এজন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ চলছে। এতে সর্বোচ্চ তিন মাস সময় লাগতে পারে।" তিনি আরো বলেন, পাটের জীবনরহস্য উদঘাটনে বিশ্বের আরো অনেক দেশ গবেষণা করছে। বাংলাদেশ সেসব দেশ থেকে তিন থেকে চার মাস এগিয়ে রয়েছে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আকতার হোসেন, পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. কামাল উদ্দিন আহমেদ, আওয়ামী লীগের প্রচার সম্পাদক নূহ-উল আলম লেনিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের অধ্যাপক ড. হাসিনা খান। মতিয়া চৌধুরী বলেন, "বিভিন্ন ক্ষেত্রে গবেষণায় নিয়োজিত গবেষকদের উৎসাহিত করতে সরকার তাদের বেতন-ভাতা ও চাকরির বয়সসীমা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।" ইতোমধ্যে এ সংক্রান্ত নথিপত্র তৈরি হয়েছে। অনুমোদনের জন্য শিগগিরই তা মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানান তিনি। কৃষিমন্ত্রী আরো বলেন, "বাংলাদেশে গবেষণা হয় না, তা ঠিক নয়। প্রয়োজনীয় গবেষণার ক্ষেত্রে সরকার অর্থ দিতে কার্পণ্য করে না। এ আবিষ্কার তার বড় উদাহরণ।" তিনি জানান, পাটের জিন আবিষ্কার এবং এর জীবনরহস্য উন্মোচনের মাধ্যমে এখন চিকন আঁশের পাট উৎপাদন করা সম্ভব হবে। যা ভবিষ্যতে পাটের সুতায় তৈরি শাড়ী বা কাপড় উৎপাদনে কার্যকর ভূমিকা রাখতে পারবে। এছাড়া এ আবিষ্কারের মাধ্যমে এমন পাট উৎপাদন করা সম্ভব হবে, পোকামাকড় যার তেমন কোনো ক্ষতি করতে পারবে না। পাটকর বন্ধের বিষয়ে এক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, "আমরা কোনো পাটকল বন্ধ করছি না। আমরা এ খাতকে ভঙ্গুর অবস্থায় পেয়েছি।" পাটকলগুলোর বিষয়ে সরকারের ইতিবাচক দৃষ্টিভক্তি রয়েছে জানিয়ে মন্ত্রী আরো বলেন, "আমাদের একটু সময় দেন, প্রধানমন্ত্রী এ ব্যাপারে যৌক্তিক একটি সমাধান দেবেন।" পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কামাল উদ্দিন আহমেদ বলেন, "প্রতি একর জমিতে দুই মেট্রিক টন পাট উৎপাদন হয়। এ জীবনরহস্য আবিষ্কার হওয়ায় উৎপাদন বেড়ে আড়াই থেকে তিন মেট্রিক টনে দাঁড়াবে।" এতে উন্নত মানের আঁশ তৈরিসহ লবণাক্ত ও খরা সহিষ্ণু জাতের পাটও চাষ করা সম্ভব হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএসবি/১৪৪১ ঘ.