খুলনা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীতে এক গৃহকর্মীকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
হালিমা খাতুন (১৫) নামের এই মেয়েটিকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা ১০টার দিকে নগরীর বানরগাতি আরাম এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গৃহকর্তা আহসানউল্লাহ কলেজের সহকারী অধ্যাপক খায়রুল আলম ও তার স্ত্রী ফুলতলা মডেল স্কুলের প্রধান শিক্ষিকা রোজী রহমানকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে খায়রুলের ছোটভাই খুরশিদ আলম পলাতক রয়েছেন।
হালিমার বরাত দিয়ে সোনাডাঙ্গা থানার ওসি শহীদুল ইসলাম জানান, সকালে খায়রুল ও তার স্ত্রী কর্মস্থলে চলে গেলে খায়রুলের ভাই খুরশিদ কেরোসিন ঢেলে হালিমার গায়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এসে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
খুলনা মেডিকেল কলেজের শৈল্য বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. জ্যোর্তিময় সাহা জানান, আগুনে হালিমার শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।
প্রায় দুই বছর আগে খায়রুল আলম জেলার ফুলতলা উপজেলা থেকে হালিমা খাতুনকে আনেন ঘরের কাজের জন্য।
হালিমা খাতুন পুলিশকে জানান, একই বাড়িতে বসবাসকারী খায়রুল আলমের ছোট ভাই সরকারি বিএল কলেজের ছাত্র খুরশিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
বিয়ের জন্য চাপ দেওয়ায় সে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৯ ঘ.
bdnews24