কক্সবাজার, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজারে পাহাড় ধসে নিখোঁজ সেনা সদস্যের লাশ পাওয়া গেছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯। এ নিয়ে কক্সবাজার ও বান্দরবানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫৪।
এর মধ্যে কক্সবাজার শহরে একজন, রামুতে ৬ সেনা সদস্য, উখিয়ায় ৮ জন ও টেকনাফে ৩৪ জন এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুনধুমে মারা গেছে পাঁচজন।
কয়েকদিনের টানা বর্ষণের পর মঙ্গলবার ভোররাতে কক্সবাজার ও বান্দরবানের ওইসব এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।
বুধবার কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ গিয়াস উদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, আজ বিকাল সাড়ে ৫টায় উদ্ধার করা হয় আরেক নিখোঁজ সেনা সদস্য মোহাম্মদ আসলামের লাশ।
জানাজা শেষে তার লাশ নাটোরে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
এ নিয়ে কক্সবাজারে নিহতের সংখ্যা দাঁড়ালো ৪৯।
এছাড়া আহত ৩৪ জনের মধ্যে ৩২ জন টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
ঘরবাড়ি হারিয়ে ১২ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে বলেও জানান তিনি।
এর আগে উদ্ধার করা পাঁচ সেনা সদস্যের জানাযা বুধবার বেলা ১১টায় কক্সবাজারে সেনাবাহিনীর ১৭ ইসিবি মাঠে অনুষ্ঠিত হয়।
সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল আসহাব উদ্দিন এবং চট্টগ্রাম ডিভিশনের জিওসি মেজর জেনারেল শামীম চৌধুরী, কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ লুৎফুর রহমান কাজল, সেনাবাহিনী, বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা জানাজায় অংশ নেন।
কক্সবাজার ১৭ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) অধিনায়ক কর্নেল রেজাউল মজিদ জানান, নিহত সেনা সদস্যদের মধ্যে কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকার সৈনিক মোহাম্মদ ইসমাইলের লাশ তার নিকটাত্মীয়দের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরো চারজনের লাশ ঢাকা সেনানিবাসে নিয়ে সেখান থেকে তাদের গ্রামের বাড়িতে পৌঁছানো হবে।
জেলা প্রশাসক জানান, প্রবল বর্ষণে কক্সবাজার-টেকনাফ সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় এ সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। বুধবার বেলা ১২টার পর থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে।
তিনি আরও বলেন, "যারা আশ্রয় কেন্দ্রে উঠেছেন তাদের জন্য শুকনো খাবার সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির তালিকা তৈরি করা হচ্ছে। পরে তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।"
জেলা প্রশাসক টেশনাফে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেছেন।
বান্দরবান প্রতিনিধি জানান, পাহাড় ধসে নিহত, আহত ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার উদ্যোগ নিয়েছে প্রশাসন। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের পর সহায়তার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মিজানুর রহমান।
বুধবার দুপুরে তিনি সাংবাদিকদের জানান, একই পরিবারের নিহত চারজনের দাফনের জন্য জেলা প্রশাসন থেকে নগদ ২০ হাজার টাকা দেওয়া হয়েছে। আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, তুমব্র" এলাকায় বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি সরে যেতে শুরু করেছে। ২-১ দিনের মধ্যে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
তবে বেশি ক্ষতিগ্রস্ত ৩০০ মানুষ এখনও তুমব্র" সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। তাদের খাবারসহ প্রয়োজনীয় সহায়তা বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা প্রশাসন যৌথভাবে করছে। যতদিন তারা ঘরে ফিরে যেতে পারবে না ততদিন জেলা পরিষদ ও জেলা প্রশাসন সহায়তা অব্যাহত রাখবে।
জেলা প্রশাসক আরো জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। তবে প্রাথমিকভাবে ৪ হাজার ৩৫৭ জনের নামের তালিকা জেলা প্রশাসনের কাছে এসেছে।
bdnews24