ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কুনমিং সড়ক যোগাযোগ স্থাপনে চীনের সহযোগিতার চেয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
একই সঙ্গে গভীর সমুদ্র বন্দর স্থাপন ও অবকাঠামো নির্মাণে চীনের আরও সহযোগিতার অনুরোধ জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সকালে চীনের সফররত ভাইস প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাতে খালেদা জিয়া এসব সহযোগিতার অনুরোধ জানান।
খালেদা জিয়া সকাল ১০টায় হোটেল সোনারগাঁওয়ের বল রুমে চীনের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বিএনপির নয় সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রতিনিধিদলের সদস্য সাবেক সেনা প্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ''চীনের কাছে ঢাকা-কুনমিং সড়ক যোগাযোগ স্থাপনের প্রস্তাব দিয়েছেন বিরোধী দলীয় নেতা। আমাদের সঙ্গে চীনের আকাশ ও জলপথে যোগাযোগ রয়েছে। তবে স্থলপথের যোগাযোগ নেই। এই যোগাযোগটি স্থাপিত হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বানিজ্যের ব্যাপক প্রসার ঘটবে বলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া চীনা ভাইস প্রেসিডেন্টকে জানিয়েছেন।''
এ সময় দুই দেশের মধ্যে ব্যবসা-বানিজ্যের বিষয়টি আলোচনা হয়েছে বলে জানান তিনি।
মাহবুবুর রহমান আরও বলেন, "এই বৈঠকে আমাদের সশস্ত্র বাহিনীকে আরও সুদৃঢ় ও শক্তিশালী করে একটি ত্রি-মাত্রিক সামরিক বাহিনী হিসেবে গড়ে তুলতে চীনের সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময়ে ২০০২ সালে খালেদা জিয়ার শাসনামলে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কথা উল্লেখ করেন দুই নেতা।"
মাহবুবুর রহমান আরও বলেন, "ওই চুক্তির আওতায় আমাদের সামরিক বাহিনী শক্তিশালী হতে পারে বলে আমরা মনে করি।''
সাক্ষাতের পর বলরুম থেকে বেরিয়ে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, আন্তরিক পরিবেশে বৈঠকটি হয়েছে। দুই নেতা দ্বি-পাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেছেন।
তিনি বলেন, ''চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে গোড়াপত্তন করেছেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বৈঠকে দুই নেতাই জিয়াকে স্মরণ করেন।''
তিনি জানান, চট্টগ্রামে গভীর সমুদ্র বন্দর স্থাপনে চীনকে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে। অবকাঠামো উন্নয়নে আরও সহযোগিতার কথাও বলা হয়েছে।
দেলোয়ার বলেন, ''সাক্ষাতে খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন চীনা ভাইস প্রেসিডেন্ট। খালেদা জিয়া এই আমন্ত্রণ গ্রহন করেছেন। একটা সুবিধাজনক সময়ে এই সফর হবে।''
এ সাক্ষাতে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান।
দু'দিনের বাংলাদেশ সফর শেষ করে চীনা ভাইস প্রেসিডেন্ট সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন।
বিডিন্উিজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১২০৪ ঘ.
bdnews24