২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্যাটেলাইট স্টেশন: চীনের কাছে সময় চেয়েছে বাংলাদেশ

পূর্ণাঙ্গ একটি স্যাটেলাইট স্টেশন স্থাপনের ব্যাপারে চীনের কাছে আরো সময় চেয়েছে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 05:29 PM

Updated : 25 Aug 2022, 12:08 PM

ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পূর্ণাঙ্গ একটি স্যাটেলাইট স্টেশন স্থাপনের ব্যাপারে চীনের কাছে আরো সময় চেয়েছে বাংলাদেশ। সোমবার সফররত চীনা ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং এই স্যাটেলাইট স্টেশন স্থাপনে অর্থনৈতিক ও কারিগরি সহায়তার আশ্বাস দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে চীনা ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অর্থনৈতিক সহযোগিতার প্রস্তাব দেন। বৈঠকে দুই নেতা বেইজিং ও ঢাকার মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার বিষয়েও আলোচনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি সাংবাদিকদের বলেন, "বিনিয়োগ, বাণিজ্য ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আমাদের অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।" এ ব্যাপারে আর বিস্তারিত কিছু না জানিয়ে তিনি বলেন, "ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপায় নিয়েও আলেচনা করেছেন দুই নেতা।" এছাড়া বাংলাদেশ ও চীন অর্থনৈতিক সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় বাংলাদেশকে ৪০ কোটি ইউয়ান অনুদান দেবে বেইজিং। নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে অংশ নেওয়া একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুই নেতা প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং একটি পূর্ণাঙ্গ স্যাটেলাইট স্টেশন স্থাপনের বিষয় নিয়ে আলোচনা করেছেন। ওই কর্মকর্তা চীনা ভাইস প্রেসিডেন্টকে উদ্ধৃত করে বলেন, "স্যাটেলাইট স্টেশন স্থাপনে সহায়তা দিতে পারলে আমরা খুশি হবো।" পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, স্যাটেলাইট স্টেশন স্থাপনে বাংলাদেশকে ২০০৭ সালে একটি ল্যান্ডিং স্টেশন দিয়েছে চীন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশ (স্পারসো) এর তদারকির দায়িত্বে রয়েছে। গত সপ্তাহে একটি চীনা কারিগরি প্রতিনিধি বাংলাদেশ সফর করে। তারা টেলিযোগাযোগ এবং বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে স্যাটেলাইট স্টেশন স্থাপনের বিষয়ে আলোচনা করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা স্যাটেলাইট স্টেশনের জন্য একটি বা দু'টি অ্যান্টেনা কিনতে সরকারকে পরামর্শ দিয়েছেন। যা ভূমি ব্যবহার, কৃষি এবং দুর্যোগের পূর্বাভাসের ক্ষেত্রে উপাত্ত সংগ্রহের কাজে ব্যবহৃত হবে। কর্মকর্তারা আরো জানান, দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে চীন খুবই ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসইউএম/জেবি/এইচএ/২৩১৬ ঘ.