ঠাকুরগাঁও, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও সদর উপজেলার সিংগিয়া গ্রামের নবম শ্রেনীর এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ঠাকুরগাঁও থানায় মামলা হয়েছে।
মেয়েটির বাবা ওই গ্রামের আখতারুল ইসলাম নামের এক যুবকসহ ৫ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলার বিবরণে বলা হয়, নবম শ্রেনীর ছাত্রীটি মাদ্রাসায় আসা যাওয়ার পথে আখতারুল প্রতিদিন তাকে উত্ত্যক্ত ও প্রেম নিবেদন করতো। আখতারুলকে বারবার এ ব্যাপারে নিষেধ করা হয়। কিন্তু সে আরো বেপরোয়া হয়ে উঠে।
রোববার সকালে মেয়েটি গ্রামের মক্তব থেকে আরবি পড়ে বাড়ি ফেরার পথে আখতারুল তাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মেয়েটি চীৎকার করলে আখতারুল তাকে মারধর করে ও গলায় ওড়না পেঁচিয়ে টানতে থাকে।
চীৎকার শুনে মেয়টির বাবা-মা, ভাই ও অন্যরা ছুটে এসে আখতারুলকে ধরে ফেলে। কিন্তু আখতারুলের সহযোগীরা এসে তাদের মারপিট করে আখতারুলকে ছাড়িয়ে নিয়ে যায়।
আখতারুলের সহযোগীদের প্রহারে মেয়েটি, মেয়েটির মা ও ভাই আহত হয়। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে মেয়েটির বাবা আখতারুল, সিদ্দিক, আকিলি বেগম, মানিক ও রব্বানী নামে ৫ জনের বিরুদ্ধে সোমবার ঠাকুরগাঁও থানায় মামলা দায়ের করে।
থানার ওসি ফিরোজ খান জানান, ছাত্রী উত্যক্ত বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৮৫০ ঘ.
bdnews24