২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আপত্তিকর প্রচারপত্র বিলির দায়ে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নাগরিক কমিটি মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আপত্তিকর প্রচারপত্র বিতরণ করার অভিযোগে এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2010, 12:57 PM

Updated : 25 Aug 2022, 12:10 PM

চট্টগ্রাম, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নাগরিক কমিটি মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আপত্তিকর প্রচারপত্র বিতরণ করার অভিযোগে এক নারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর দেড়টার দিকে নগরীর খুলশী থানাধীন ফয়েজ লেক সংলগ্ন নুরানী মাদ্রাসা রোড থেকে প্রচারপত্র বিতরণের সময় হোসনে আরা নামের এই নারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হোসনে আরা মেয়র প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য এবং তার বিরুদ্ধে সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন সম্বলিত চার পৃষ্ঠার একটি প্রচারপত্র বিতরণ করছিলেন। খবর পেয়ে তাকে তাৎক্ষণিকভাবে আটক করে খুলশী থানায় নিয়ে আসা হয়। ম্যাজিস্ট্রেট তানভীর গাজী জানান, নির্বাচনী আচরণ বিধিমালার ১০ (ক) ধারা অনুযায়ী কোনো প্রার্থীর বিরুদ্ধে আপত্তিকর প্রচারপত্র বিতরণে দায়ে হোসনে আরাকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। হোসনে আরার পক্ষের লোকজন জরিমানার টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। চট্টগ্রাম নগর সংস্থার নির্বাচনকে ঘিরে নগরীর বিভিন্ন ওয়ার্ডে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৮৫১ ঘ.