মেহেরপুর, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেহেরপুর জেলায় তিনটি স্থানে সোমবার সকালে পৃথক ঘটনায় এক মহিলাসহ তিনজন খুন হয়েছে। আহত হয়েছে পাঁচজন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামের নুরুল হুদা (৩৬) ও করমদী গ্রামের আবু বক্কর (৫৫)।
এবং সদর উপজেলার লক্ষীনারায়নপুর থেকে অজ্ঞাতনামা এক মহিলা।
গাংনী থানার ওসি মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গাংনী উপজেলার বানিয়াপুকুর গ্রামে পূর্ব শত্র"তার জের ধরে মোয়াজ্জেম ও ওয়াজ্জেলের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মোয়াজ্জেম দলের পক্ষে বানিয়াপুকুর গ্রামের নুরুল হুদা (৩৬) প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় রাজিব হোসেন (২৮), ইসমাইল হক(৩২), ঈমান আলী(৪২), পাবলু শেখ (৪৭) ও আশরাফুল ইসলাম (২৯) আহত হয়। এদের মধ্যে আশরাফুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, করমদী গ্রামে সম্পত্তি ভাগ নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আবু বক্কর (৫৫) নামে এক ব্যক্তি আহত হয়। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সে মারা যায়।
মেহেরপুর সদর থানার ওসি শেখ জিহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, লক্ষীনারায়নপুরের কালী গাংনী মাঠ থেকে পুলিশ গলাকাটা অবস্থায় অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে।
ধর্ষন শেষে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/কেএমএস/১৮২৩ ঘ.
bdnews24