বাগেরহাট, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে হেতাল সংগ্রহ করতে গিয়ে বাঘের থাবায় এমাদুল শেখ (৪০) নামের এক বাওয়ালী মারা গেছেন।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো সোমবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমাদুল চাঁদপাই স্টেশন থেকে হেতাল (এক ধরণের বেত জাতীয় গাছ) কাটার অনুমতি নিয়ে শনিবার সুন্দরবনে ঢোকে। রোববার সকালে চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্প এলাকায় সহকর্মীদের নিয়ে হেতাল কাটার সময় একটি বাঘ তার উপর আক্রমণ করে।
বাঘ তার গলায় কামড় দিয়ে নিয়ে যাবার সময় সহকর্মীরা ঝাঁপিয়ে পড়ে বাঘের মুখ থেকে এমাদুলকে ছাড়িয়ে নেয়। তাকে গুরুতর আহত অবস্থায় খুলনার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
এমাদুল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চাঁদখালি গ্রামের শেখ আবু মিঞার ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮০৬ ঘ.
bdnews24