সাভার, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মজুরি বাড়ানোর দাবিতে অব্যাহত আন্দোলনের মুখে আশুলিয়ার জামগড়া এলাকায় 'এনভয় গ্র"পে'র তিনটি পোশাক কারখানা সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কায় আশপাশের আরও চারটি তৈরী পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।
আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, গত শনি ও রোববার অব্যাহত আন্দোলনের মুখে বিজিএমইএ'র সভাপতি সালাম মুশের্দীর মালিকানাধীন এনভয় গ্র"পের তিনটি পোশাক কারখানা-এনভয় ফ্যাশনস লিমিটেড, এনভয় ডিজাইন লিমিটেড ও মান্তা এ্যাপারেলস লিমিটেড বন্ধ করে দেয়া হয়েছে।
সকালে শ্রমিকরা কারখানায় এসে মূল ফটকে অনিদিষ্টকালের জন্য করখানা বন্ধের নোটিশ দেখতে পায়। এর প্রতিবাদে শ্রমিকরা সকাল সাড়ে ৯টার দিকে পাশের ইস্টার্ণ হাউজিং মাঠে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।
কারখানা বন্ধের বিষয়ে কথা বলার জন্য এনভয় গ্র"পের কাউকে পাওয়া যায়নি। তবে আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম এনভয় গ্র"পের তিনটি পোশাক কারখানা বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে বেলা ১১টার দিকে আতঙ্কিত হয়ে আরো চারটি কারখানায় একদিনের জন্য ছুটি ঘোষণা করেছে। কারখানাগুলো হচ্ছে-ওয়াশিং এন্ড ডিজাইন লিমিটেড, দ্যা রোজ ড্রেস, গ্রীন লাইফ এবং স্ক্যান ডেস্ক।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, "বিশৃঙ্খলতা এড়াতে অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রাখা হয়েছে।"
তিনি আরও জানান, রোববারের হামলা, ভাংচুর ও পুলিশ আহত হওয়ার ঘটনায় থানায় কোন মামলা দায়ের করা হয়নি।
গত শনিবার এনভয় গ্র"পের প্রায় সাড়ে আট হাজার শ্রমিক নূন্যতম মজুরী ৫ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি পালন করে। এরই প্রেক্ষিতে রোববার শ্রমিক-পুলিশ সংঘর্ষে এএসপি,ওসিসহ ৩০ জন আহত হয় ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/১৬৫৭ঘ.
bdnews24